গরুর রশি গলায় বেঁধে মাদ্রাসা শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার 

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের নওয়াপাড়া মৌজায় অবস্থিত মারকাযুল কুরআন ও এতিমখানা মাদ্রাসার নূরানী বিভাগের ছাত্র মোহাম্মদ তামিমের ওপর নির্যাতনের অভিযোগে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় কাউছার নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১২ জুন) তাকের গ্রেপ্তার করা হয়।

স্থানীয় ও থানা  সূত্রে জানা যায়, গত ১১ জুন সন্ধ্যার সময় কাওছার নামের ওই ব্যক্তির গরু মাদ্রাসার মাঠে ঘাস খাওয়ানোর জন্য ছেড়ে দেয়। গরুটি মাদ্রাসায় লাগানো গাছ খেয়ে ফেলায় মাদ্রাসার শিশু ছাত্র তামিমসহ কয়েকজন মিলে গরুটিকে তাড়িয়ে দেয়। এতে ক্ষিপ্ত হয়ে গরুটি নিয়ে এসে ওই এতিম ছাত্র তামিমকে গরুর রশি দিয়ে গলায় ও কোমরে বেঁধে গরুটিকে তাড়া করে। দেয়। এতে গরুটি ওই শিক্ষার্থীকে টেনেহিঁচড়ে নিয়ে যায়। একপর্যায়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে রশিটি খুলে যায়। এক পর্যায়ে অভিযুক্ত কাউছার আবারও তামিমকে মারতে তেড়ে আসে।

ওই মাদ্রাসার মোহতামিম ইসমাইল বলেন, বর্বরতার নির্মমতা জাহেলিয়া যুগকে হার মানিয়েছে। এ ঘটনার পরে ওই গ্রামের লজিং থাকা বাড়িওয়ালা আবু হানিফ ও মাদ্রাসা কর্তৃপক্ষ নির্যাতিত তামিমকে রাতেই থানা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেন। ঘটনার পর থেকে স্থানীয় লোকজন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে। কিন্তু যুব সমাজ নির্যাতনের নির্মমতা মেনে নিতে না পারায় প্রশাসনে খবর দেয়।

আলফাডাঙ্গা থানার ওসি ফকির তাইজুর  রহমান সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। মাদ্রাসায় শিশু নির্যাতনের খবর পেয়ে ফরিদপুর-১ আসনের এমপি প্রফেসর ড. মো. ইলিয়াস আলি প্রতিনিধি পাঠিয়ে শিশুটিকে সবরকম আইনি সাহায্যসহ চিকিৎসার ব্যবস্থা করেন।