সংঘর্ষের পর পুকুরে প্রাইভেটকার— শিশু নিহত, আহত ৫

রাজবাড়ীর কালুখা‌লি‌তে প্রাই‌ভেটকার ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের পর পুকুরে ছিটকে পড়েছে প্রাইভেটকার। এতে এক শিশু নিহত হয়েছে, আহত হয়েছেন অন্তত পাঁচজন।

শুক্রবার (১২ জুন) সন্ধ‌্যায় উপ‌জেলার পাইকারা মোড় এলাকায় এ ঘটনা ঘ‌টে। বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা হাইও‌য়ে থানার ওসি সৈয়দ আল মামুন।

নিহত ও‌ই শিশুর নাম আদভিক (২)। সে ফরিদপুর জেলার আম্রিকপুর এলাকার জয়ের মেয়ে।

আহতরা হলেন, ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের ব্যবসায়ী অর্জুন খেতানের পুত্রবধূ জৌতি খেতান (৩২), ফরিদপুর কোতোয়ালী থানার চাঁদপুর এলাকার সুভাষের ছেলে মহাদেব (২৫), রাজবাড়ীর পাংশা উপজেলার শরিষা ইউনিয়নের পারডেমনামারা বাগলী বাজার এলাকার মো. সুয়াদ (৩৭), নেহেরীপাড়া এলাকার আলিমুদ্দিনের মেয়ে সেলিনা (৫০) এবং কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের মহিষকুটিয়া গ্রামের মৃত মনছের আলীর ছেলে ইসলাম মণ্ডল (৫০)।

স্থানীয়‌দের বরা‌তে পাংশা হাইও‌য়ে থানার ওসি সৈয়দ আল মামুন জানায়, প্রাইভেটকার‌টি রাজবাড়ীমুখী ছি‌লো। সন্ধ্যা ৬টার দিকে রাজবাড়ী-কু‌ষ্টিয়া আঞ্চ‌লিক মহাসড়‌কের পাইকারা মোড় এলাকায় প্রাই‌ভেটকার ও ব‌্যাটা‌রিচা‌লিত অটোরিকশার মু‌খোমু‌খি সংঘর্ষ হয়। এতে প্রাই‌ভেটকার‌টি সড়‌কের পা‌শে পুকু‌রে প‌ড়ে যায়। এসময় প্রাই‌ভেটকা‌রে থাকা শিশু আদভিক ঘটনাস্থ‌লেই নিহত হয়। আহত হন আরও বেশ ক‌য়েকজন। তা‌দের উদ্ধার ক‌রে পাংশা উপ‌জেলা স্বাস্থ‌্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যাওয়া হয়।

ওসি সৈয়দ আল মামুন ব‌লেন, প্রাই‌ভেটকার ও ব‌্যাটা‌রিচা‌লিত অটোরিকশা জব্দ করা হ‌য়ে‌ছে। পু‌লি‌শের প্রাথ‌মিক ধারণা ওভার‌টেক কর‌তে গি‌য়েই দুর্ঘটনাটি ঘ‌টে‌ছে। এই ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।