‘তোমরা কি আমার ম্যাচগুলো দেখোনি?’ ফিটনেস নিয়ে প্রশ্নে রোনালদো

বিশ্বকাপকে সামনে রেখে পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে দেখা গেলো ভীষণ আত্মবিশ্বাসী। কয়েকদিন পরই ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ খেলতে যাচ্ছেন তিনি। 

তবে পুরো ক্যারিয়ার জুড়ে ফিটনেস দিয়ে প্রশংসা কুড়ানো রোনালদোর ফিটনেস নিয়েই গেলো কয়েকদিনে ফিসফিস শোনা যাচ্ছে। যদিও ফিটনেস নিয়ে ওঠা সব প্রশ্ন উড়িয়ে ৪১ বছর বয়সী এই ফরোয়ার্ড স্পষ্ট জানিয়ে দিয়েছেন, তিনি পুরোপুরি প্রস্তুত এবং বিশ্বকাপ শুরুর অপেক্ষায় আছেন।

পর্তুগালের যুক্তরাষ্ট্র যাত্রার আগে সাংবাদিকদের ফিটনেস সংক্রান্ত প্রশ্নের জবাবে রোনালদো বলেন, ‘শারীরিকভাবে আমি একদম ঠিক আছি—তোমরা কি আমার ম্যাচগুলো দেখোনি?’

বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘প্রস্তুতি ভালো হয়েছে, যদিও কঠিন ছিল। আমরা কঠোর পরিশ্রম করেছি। প্রস্তুতি ম্যাচগুলোতে আমরা ভালো করেছি, কিন্তু আসল পরীক্ষা শুরু হবে ১৭ জুন প্রথম ম্যাচে। তখনই চাপ আসবে এবং বোঝা যাবে কারা প্রকৃত চ্যাম্পিয়ন।’

গ্রুপ ‘কে’-তে পর্তুগালের প্রতিপক্ষ ডিআর কঙ্গো, উজবেকিস্তান ও কলম্বিয়া। রোনালদোর মতে, ভালো শুরু করে গ্রুপসেরা হওয়াই দলের প্রথম লক্ষ্য। 

তিনি বলেন, ‘মূল বিষয় হলো ভালোভাবে শুরু করা এবং গ্রুপের শীর্ষে থাকা। এরপর ধাপে ধাপে এগোতে হবে, আত্মবিশ্বাস গড়ে তুলতে হবে। আমি খুবই আত্মবিশ্বাসী যে সবকিছু ভালোই হবে।’

রোনালদোর এটি হবে রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ। আন্তর্জাতিক ফুটবলের সর্বোচ্চ গোলদাতা ও সর্বাধিক ম্যাচ খেলা এই তারকার ক্যারিয়ারে বিশ্বকাপ ট্রফিই একমাত্র বড় শিরোপা, যা এখনও অধরা। এর আগে ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ বিশ্বকাপেও খেলেছেন পর্তুগালের এই সুপারস্টার।