কাতার বিশ্বকাপ নিয়ে আর্জেন্টিনার গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ করা ভবিষ্যদ্বাণী হুবহু মিলে গিয়েছিল। এবারও মাঠের লড়াই শুরু হওয়ার আগেই শিরোপার মঞ্চ নিয়ে বিস্ফোরক এক ভবিষ্যদ্বাণী করে বসেছেন আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপজয়ী গোলরক্ষক মার্টিনেজ।
২০২৬ ফিফা বিশ্বকাপে ‘সি’ গ্রুপে ব্রাজিল এবং ‘জে’ গ্রুপে অবস্থান করছে আর্জেন্টিনা। সাধারণ গাণিতিক হিসাব বলছে, গ্রুপ পর্বে এই দুই পরাশক্তির মুখোমুখি হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তবে টুর্নামেন্টের সমীকরণ অনুযায়ী—রাউন্ড অব সিক্সটিন, সেমিফাইনাল কিংবা নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামের মহাকাব্যিক ফাইনালে দেখা হয়ে যেতে পারে চিরপ্রতিদ্বন্দ্ব এই দুই দলের।
অবশ্য রাউন্ড অব সিক্সটিন কিংবা ফাইনালের হিসাব এখনও অনেক দূরের পথ।
কারণ, ৪৮ দলের এই মেগা টুর্নামেন্টে কেবল ২টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শিরোপার ফয়সালা হতে আরও ১০১টি ম্যাচ বাকি। তবে মাঠের লড়াই কেবল জমতে শুরু করলেও এখনই এ ভবিষ্যদ্বাণী করেছেন মার্টিনেজ।
আলবিসেলেস্তেদের এই বিশ্বচ্যাম্পিয়ন প্রাচীর মনে করেন, এবারের বিশ্বকাপ ফাইনাল ম্যাচটি তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে এবং ম্যাচের ভাগ্য গড়াবে টাইব্রেকারে। আর সেখানে সেলেসাওদের হারিয়ে শিরোপা ধরে রাখবে আর্জেন্টিনাই।
২০২২ সালে টুর্নামেন্ট শুরুর পর তিনি বলেছিলেন, আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে। পরবর্তীতে ফাইনালের টাইব্রেকারে তার সেই অবিশ্বাস্য ও দুর্দান্ত পারফরম্যান্সে ভর করেই লিওনেল মেসিদের হাতে উঠেছিল সোনালী ট্রফি।
সম্প্রতি নিজের ক্লাব অ্যাস্টন ভিলার একটি অফিসিয়াল স্পন্সরের আয়োজনে ২০২৬ বিশ্বকাপের নকআউট পর্ব নিয়ে এক ভবিষ্যদ্বাণী পর্বে অংশ নেন মার্টিনেজ। সেখানেই আর্জেন্টিনার বিশ্বকাপ ট্রফি ধরে রাখার ব্যাপারে নিজের দৃঢ় বিশ্বাসের কথা জানান ৩৩ বছর বয়সী এই গোলকিপার।
মার্টিনেজের বাজি অনুযায়ী, এবারের বিশ্বকাপের শেষ আটে (কোয়ার্টার ফাইনাল) জায়গা করে নেবে—ইংল্যান্ড, পর্তুগাল, আর্জেন্টিনা, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, ব্রাজিল ও মেক্সিকো।
এই ভবিষ্যদ্বাণীতে সবচেয়ে বড় চমক ছিল স্পেনের অনুপস্থিতি। বর্তমান ফুটবল বিশ্বে লামিনে ইয়ামালের স্পেনকে অনেকেই শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিবেচনা করলেও, মার্টিনেজ দলটিকে কোয়ার্টার ফাইনালেই দেখছেন না।
স্বভাবসুলভ দুষ্টু হাসির সঙ্গে এই গোলরক্ষক জানান, টুর্নামেন্টের শেষ ষোলোর লড়াইয়ে আর্জেন্টিনার কাছে পরাস্ত হয়ে বিদায় নেবে স্পেন।