কক্সবাজারের টেকনাফ নাফ নদীতে মাছ ধরতে গিয়ে সিকান্দার আলী নামে এক বাংলাদেশি জেলে তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন।
সর্বশেষ শনিবার (১৩ জুন) দুপুরের দিকে এই রিপোর্ট লেখা পর্যন্ত তার হদিস মেলেনি বলে জানিয়েছে পরিবার। নিখোঁজ সিকান্দার টেকনাফের হোয়াইক্যং খারাংগ্যাঘোনা এলাকার বাসিন্দা এবং মকবুল হোসেনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ জেলের ভাই মুফতি ওমর ফারুক। তিনি জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যার পরে হোয়াইক্যংয়ের খারাংগ্যাঘোনা সংলগ্ন নাফ নদীতে জাল নিয়ে মাছ ধরতে যান সিকান্দার আলী। এরপর থেকে তিনি আর বাড়িতে ফেরেননি।
তিনি আরও বলেন, যেদিন আমার ভাই নাফ নদীতে মাছ ধরতে গিয়েছিলেন, সেদিন ওই এলাকায় গুলির শব্দ শোনা গিয়েছিল বলে জানতে পেরেছি। তবে আমার ভাইকে মিয়ানমারের কোন সশস্ত্র বাহিনী ধরে নিয়ে গেছে নাকি তাকে হত্যা করেছে তা নিদিষ্ট ভাবে জানা যায়নি। তিন দিন হলো তার কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না। এ বিষয়ে বিজিবিকে অবহিত করা হয়েছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবির) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, সিকান্দার আলী মাছ ধরতে যাওয়ার সময় আমাদেরকে অবগত করে নাই । তাকে খুঁজে না পাওয়ার বিষয়টি শুক্রবার জানতে পেরেছি। ঘটনার সত্যতা যাচাইয়ের চেষ্টা চলছে বলে অধিনায়ক জানায়।