কুয়েত-কাতারের চেয়েও বড় বাজেট বাংলাদেশে: রাষ্ট্রদূত মুশফিক

চলতি অর্থবছরের ৯ লাখ ৩৪ হাজার কোটি টাকার জাতীয় বাজেট মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত ও বাহরাইনের বাজেটের চেয়েও বড় বলে মন্তব্য করেছেন রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।

শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত ২৪তম চারুকলা প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, দেশের উন্নয়ন ও জনকল্যাণে সরকার সময়োপযোগী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। অর্থনৈতিক নানা চ্যালেঞ্জের মধ্যেও প্রণীত এ বাজেটে ৪১ লাখ নারীকে সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় আনা হয়েছে।

রাষ্ট্রদূত মুশফিক আরও বলেন, দেশের প্রধানমন্ত্রী অত্যন্ত সাদাসিধে জীবনযাপন করেন এবং সাধারণ মানুষের কাছাকাছি থাকার চেষ্টা করেন। খুব অল্প সংখ্যক সহকর্মী নিয়ে তিনি চলাফেরা করেন ও তার গাড়ি ট্রাফিক সিগন্যালে দাড়াচ্ছে। তিনি মানুষকে কাছে টেনে নিতে চান। এরকম প্রধানমন্ত্রী বাংলাদেশের মানুষ চেয়েছিল, আমরা চেয়েছিলাম। এই প্রধানমন্ত্রীর পাশে আমাদেরকে থাকতে হবে। আমাদের বাংলাদেশকে বিজয়ী হতে হবে। মানুষ যেন বাংলাদেশকে সম্মানের চোখে দেখে সেই প্রয়াস চালাতে হবে। এবং এটাও স্বীকার করতে হবে সেই প্রচেষ্টা চলছে। আজ ৯ লক্ষ ৩৪ হাজার কোটি টাকার বাজেট জাতীয় সংসদে দেয়া হয়েছে। টাকার অংকে এটি মধ্যপ্রাচ্যের কাতার, কুয়েত, বাহরাইনের চেয়ে বড়ো বাজেট। বাংলাদেশকে এমন একটি রাষ্ট্রে পরিণত করতে হবে, যাকে বিশ্ব সম্মানের চোখে দেখবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে।

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও প্রযুক্তি) মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন) পদ্মসেন সিনহা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী এবং যমুনা অয়েল পিএলসির সতন্ত্র পরিচালক কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু। স্বাগত বক্তব্য দেন জেলা কালচারাল অফিসার আল মামুন বিন সালেহ। আলোচনায় অংশ নেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সদস্য সচিব ও মদন মোহন সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ফরিদ আহমদ, সিলেট জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ নিজাম উদ্দিন তরফদার এবং সদস্য সচিব রায়হান এইচ খান।