‘ভাগ্য ভালো আর গোল হজম করতে হয়নি, আমাদের কৃতজ্ঞ থাকা উচিত’

হোঁচট খেয়ে এবারের বিশ্বকাপ মিশন শুরু করেছে ব্রাজিল। নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১–১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে সেলেসাওরা। ম্যাচ শেষ হতাশা প্রকাশ করেছেন ব্রাজিলের ডিফেন্ডার দানিলো। ব্রাজিলের ভাগ্য ভালো ছিল বলেই আর গোল হজম করতে হয়নি বলে মন্তব্য করেন তিনি।

নিউ জার্সিতে ম্যাচ শেষে সাংবাদিকদের দানিলো বলেন, ‘প্রথমার্ধে স্নায়ুচাপ খেলায় বড় প্রভাব ফেলেছে। কিন্তু বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এমন খেলার মূল্য অনেক। প্রথমার্ধ শেষে স্কোরলাইন ১–১ ছিল, এজন্য আমাদের কৃতজ্ঞ থাকা উচিত।’

মরক্কো ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। ব্রাজিলের এই ডিফেন্ডার বলেন, ‘প্রথমার্ধে আমরা প্রায় সব দিক থেকেই খারাপ খেলেছি। সবকিছুতেই ঘাটতি ছিল। আমরা নিজেদের ভুলেই বারবার বিপদ ডেকে এনেছি। ভাগ্য ভালো আর গোল হজম করতে হয়নি।’

তবে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড়দের নামানোর পর ব্রাজিলের খেলায় কিছুটা পরিবর্তন আসে। দানিলো বলেন, ‘বেঞ্চে থাকা খেলোয়াড়দের সব সময় প্রস্তুত থাকতে হবে। সুযোগ পেলে কাজে লাগাতে হবে। আজ আমরা সেটাই করার চেষ্টা করেছি।’

দ্বিতীয়ার্ধের ব্রাজিলের পারফরম্যান্স থেকে ইতিবাচক দিকও দেখছেন দানিলো। তিনি বলেন, ‘ম্যাচ আমাদের দ্বিতীয় সুযোগ দিয়েছে। আমরা নিজেদের গুছিয়ে নিতে পেরেছি, বলের নিয়ন্ত্রণ ফিরিয়ে এনেছি এবং সুযোগও তৈরি করেছি। পরের ম্যাচের আগে এটাই সবচেয়ে বড় ইতিবাচক দিক।’