কুড়িগ্রামের রৌমারী উপজেলার শৌলমারী ইউনিয়নের গয়টাপাড়া সীমান্তে নারী ও শিশুসহ ছয়জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বলে অভিযোগ উঠেছে।
রোববার (১৪ জুন) ভোর ৬টা ৪০ মিনিটের দিকে ভারতের ঝালুরচর বিএসএফ ক্যাম্প থেকে তাদের সীমান্ত এলাকায় নিয়ে আসা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, পুশইনের জন্য আনা ওই ছয়জন বর্তমানে ভারতীয় ভূখণ্ডের প্রায় ৫০ গজ ভেতরে অবস্থান করছেন। তাদের মধ্যে নারী ও শিশুও রয়েছে। বিষয়টি সীমান্ত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে উদ্বেগ দেখা দেয়।
খবর পেয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) গয়টাপাড়া বিওপির সদস্যরা সীমান্ত এলাকায় সতর্ক অবস্থান গ্রহণ করেন। একই সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীও সীমান্তের জিরো পয়েন্টে অবস্থান নিয়ে পুশইন প্রতিরোধে নজরদারি জোরদার করেছেন।
স্থানীয় ইউপি সদস্য সোনা মিয়া বলেন, সাম্প্রতিক সময়ে সীমান্ত দিয়ে অবৈধভাবে লোকজনকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টার ঘটনা নিয়ে উদ্বেগ রয়েছে। এ কারণে গয়টাপাড়া সীমান্তে যে কোনো ধরনের পুশইন ঠেকাতে সবাই সতর্ক অবস্থানে রয়েছেন।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে কাউকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে।
পুশইনের চেষ্টার বিষয়টি নিশ্চিত করে গয়টাপাড়া বিওপির হাবিলদার মাসুদ রানা বলেন, কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সীমান্ত এলাকায় বিজিবির টহল জোরদার করা হয়েছে। স্থানীয় বাসিন্দারাও এ বিষয়ে বিজিবিকে সহযোগিতা করছেন।