ব্রাজিলকে কাঁপিয়ে দিয়েছেন ১৮ বছর বয়সী বুয়াদ্দি

নাম আইয়ুব বুয়াদ্দি। বয়স মাত্র ১৮। গত রাতে ব্রাজিলের বিশ্বকাপে ব্রাজিলের বিপক্ষে মরক্কোর হয়ে অভিষেক হয় এই তরুণ মিডফিল্ডারের। আর প্রথম আন্তর্জাতিক ম্যাচেই পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের ব্রাজিলকে কাঁপিয়ে দিয়েছেন তিনি।

পুরো নব্বই মিনিট মাঠ চষে বেড়িয়েছেন ১৮ বছর বয়সী বুয়াদ্দি।  কাসেমিরো, ব্রুনো গিমারাইসদের মতো তারকারাও ম্লান হয়ে গেলেন তার সামনে। রক্ষণ থেকে আক্রমণ, সর্বত্র তার সরব উপস্থিতি। ৬৬টি পাসের মধ্যে সফল ৬১টি। আর ফাইনাল থার্ডে ১৬টি পাসের সবকটিই দিয়েছেন নির্ভুলভাবে। ছয়টি বল রিকভার করেছেন, পাঁচবার আটকে দিয়েছেন ব্রাজিলের অ্যাটাকারদের। 

অথচ কয়েক মাস আগেও বুয়াদ্দির মরক্কোর হয়ে খেলা নিশ্চিত ছিল না।  জন্ম ফ্রান্সে। বয়সভিত্তিক দলে খেলেছেন ফ্রান্সের হয়ে। তবে বাবা-মায়ের জন্মসূত্রে মরক্কোর প্রতিনিধিত্ব করার সুযোগ ছিল তার। এই বিশ্বকাপের মাত্র কয়েক মাস আগে আনুষ্ঠানিকভাবে মরক্কোর জার্সি গায়ে দেওয়ার অনুমতি পেয়েছেন। 

বুয়াদ্দির পারফরম্যান্সে বেশ খুশি মরক্কোর কোচ আইয়ুব ওয়াহবি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘ওর বয়স ১৮ হলেও ওকে নামানো নিয়ে কোনো ঝুঁকি ছিল না। আমি বয়স দেখে দলে নিইনি ওকে, পারফরম্যান্স দেখে নিয়েছি।’