মরক্কোর ফুটবলার হাকিমির সঙ্গে নোরা ফাতেহির প্রেমের গুঞ্জন

নোরা ফাতেহি এখন শুধু বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী নন, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান শক্ত করেছেন। ২০২৬ ফিফা বিশ্বকাপ উপলক্ষে ‘সির সির’ গানে উপস্থিতি বিশ্বজুড়ে আলোচনায় এসেছে। তবে ক্যারিয়ারের সাফল্যের পাশাপাশি তার ব্যক্তিগত জীবন নিয়েও চলছে জোর গুঞ্জন। বিশেষ করে প্রশ্ন উঠেছে-নোরা কি সত্যিই মরক্কোর ফুটবল তারকা আশরাফ হাকিমির সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন?

কোথা থেকে শুরু হলো গুঞ্জন?

প্রেমের গুঞ্জনের সূত্রপাত ২০২৫ সালে। সে সময় নোরা মরক্কোতে অনুষ্ঠিত আফ্রিকান কাপ অব নেশনস টুর্নামেন্টের একটি ম্যাচে উপস্থিত ছিলেন। এরপর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন বিনোদনমাধ্যমে খবর ছড়ায়, তিনি নাকি এক ‘রহস্যময় ফুটবলারের’ জন্যই মাঠে গিয়েছিলেন।

তখন ওই ফুটবলারের পরিচয় প্রকাশ করা হয়নি। কিন্তু পরে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, সেই ব্যক্তি আর কেউ নন, প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) ও মরক্কো জাতীয় দলের ডিফেন্ডার আশরাফ হাকিমি।

গুঞ্জনে নতুন মাত্রা যোগ করে একটি ইনস্টাগ্রাম ঘটনা। ভক্তরা লক্ষ করেন, হাকিমি নোরার একটি পোস্টে ‘লাইক’ দিয়েছেন। এর পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের সম্ভাব্য সম্পর্ক নিয়ে জল্পনা-কল্পনা আরও বেড়ে যায়।

সত্যিই কি প্রেম করছেন?

এখন পর্যন্ত নোরা ফাতেহি কিংবা আশরাফ হাকিমি-দুজনের কেউই এই সম্পর্কের বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। কোনো ছবি, যৌথ উপস্থিতি বা আনুষ্ঠানিক বক্তব্যও সামনে আসেনি, যা তাদের প্রেমের সম্পর্ক নিশ্চিত করে। ফলে বর্তমানে বিষয়টি শুধুই গুঞ্জন ও জল্পনার পর্যায়ে রয়েছে।

বিনোদনজগতে এমন গুঞ্জন নতুন নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ‘লাইক’ বা কোনো অনুষ্ঠানে উপস্থিত থাকাকে কেন্দ্র করেও প্রায়ই সম্পর্কের খবর ছড়িয়ে পড়ে। তাই নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া এ ধরনের দাবি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়।

গুঞ্জন নিয়ে নোরার আগের প্রতিক্রিয়া

নোরা অতীতে নিজের ব্যক্তিগত জীবন নিয়ে নানা গুজবের মুখোমুখি হয়েছেন। বিশেষ করে টি সিরিজের কর্ণধার ভূষণ কুমারের সঙ্গে তার নাম জড়ালে তিনি পরোক্ষভাবে বিরক্তি প্রকাশ করেছিলেন। এক টিকটক ভিডিওতে সেই গুঞ্জন নিয়ে আলোচনা হলে নোরা ব্যঙ্গাত্মক ভঙ্গিতে মন্তব্য করেছিলেন, ‘ওয়াও’। তার সেই প্রতিক্রিয়া থেকে অনেকের ধারণা, ভিত্তিহীন ব্যক্তিগত গুজব তিনি গুরুত্ব দিতে চান না।

হাকিমির ব্যক্তিগত জীবন

মরক্কোর তারকা ফুটবলার আশরাফ হাকিমি ২০২০ সালে অভিনেত্রী হিবা আবুককে বিয়ে করেন। তাদের দুটি সন্তানও রয়েছে। তবে ২০২৩ সালে তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের সময় সম্পত্তি নিয়ে বিরোধ আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছিল। পরে দুজনই সন্তানদের যৌথভাবে লালন-পালনের সিদ্ধান্ত নেন।

বিচ্ছেদের পর হাকিমির সঙ্গে ডাচ-মরোক্কান সুপারমডেল ইমান হাম্মামের সম্পর্কের গুঞ্জনও শোনা যায়। তারা একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে দেখা দিলেও কেউই সেই সম্পর্কের সত্যতা স্বীকার করেননি।

নোরা-হাকিমিকে নিয়ে কৌতূহল যে শিগগিরই কমছে না, সেটি বলাই যায়।

বলিউড শাদিজ অবলম্বনে