বগুড়ার শেরপুরে ঝটিকা বিক্ষোভ মিছিল করেছে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা।
রোববার (১৪ জুন) বিকেলে উপজেলার ঢাকা-বগুড়া মহাসড়কে এই ঝটিকা বিক্ষোভ মিছিল করেন তারা। পরে ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। পাশাপাশি এ নিয়ে স্থানীয়দের মধ্যে সৃষ্টি হয় ব্যাপক আলোচনা-সমালোচনা।তবে পুলিশের দাবি, মিছিলের কোনো তথ্য নেই তাদের কাছে।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমানের ছেলে ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল সনির পক্ষ থেকে নিষিদ্ধ ছাত্রলীগের শেরপুর উপজেলা শাখার সাবেক সভাপতি গালিব সরকারের সরকারে নেতৃত্বে অর্ধশতাধিক ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা উপজেলার ভবানীপুর ইউনিয়নের ইটালী নামক স্থানে মহাসড়কে একটি ঝটিকা বিক্ষোভ মিছিল বের করেন। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নানা স্লোগান দেন।
এসময় তাদের, ‘এই মুহূর্তে দরকার, শেখ হাসিনার সরকার, শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’ দিতে শোনা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, সিএনজিচালিত অটোরিকশা যোগে একদল যুবক হঠাৎ তাদের ইটালী বাজারে এসে ব্যানার-পেস্টুন বের করে মিছিল শুরু করেন। কিছুক্ষণ মিছিল করে তারা আবারও অটোরিকশাযোগে শেরপুর শহরের দিকে চলে যান।
বিষয়টি সম্পর্কে বক্তব্য জানতে চাইলে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নুল আবেদীন বলেন, বিক্ষোভ মিছিলের কোনো তথ্য আমাদের কাছে নেই। তবে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা পুলিশের নির্দেশনা অনুযায়ী অপরাধীদের ধরতে পুলিশ গ্রেপ্তার অভিযান শুরু করেছে।