যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না পাওয়ায় বিশ্বকাপে দায়িত্ব পালন করতে পারেননি সোমালিয়ান রেফারি ওমর আরতান। তবে তাকে পুরো পারিশ্রমিক দেবে ফিফা। সংশ্লিষ্ট একটি সূত্র বিবিসিকে এ তথ্য জানিয়েছে।
ওমর বিশ্বকাপ ম্যাচের দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্রে যাওয়ার পরও তাকে সোমালিয়ায় ফেরত পাঠানো হয়। চুক্তি অনুযায়ী পুরো টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্বকাপ ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। তাকে সম্মান জানাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ওমরকে বিশ্বকাপের রেফারি হিসেবে নির্বাচিত করেছিল ফিফা। আফ্রিকার সেরা রেফারির সম্মানও পেয়েছেন তিনি। বিশ্বকাপের চলতি আসর তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু আমেরিকার অভিবাসন নীতির কারণে তিনি ঢুকতে পারেননি। এতে তার কোনও দোষ নেই। ফলে বিশ্বকাপ ম্যাচ পরিচালনা না করেও পারিশ্রমিক পাবেন তিনি।
বিশ্বকাপ শুরুর আগে মায়ামিতে বিমান থেকে নামার পরেই ওমরকে জিজ্ঞাসাবাদ শুরু করে নিরাপত্তারক্ষীরা। প্রায় ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় তাকে। তারপর তাকে জানানো হয়, আমেরিকায় প্রবেশ করতে পারবেন না তিনি।
তখন ওমর বলেছিলেন, আমার কাছে সব কাগজ ছিল। ভিসাও ছিল। আমি একজন রেফারি। বিশ্বকাপে ম্যাচ পরিচালনা করা আমার সবচেয়ে বড় স্বপ্ন ছিল। সেটা পূরণ হল না।
যুক্তরাষ্ট্রে ঢুকতে না পেরে নিজ দেশে ফেরত গিয়ে বীরের সম্মান পেয়েছেন ওমর। একটি স্টেডিয়ামে তাকে সংবর্ধনা দিয়েছে সে দেশের সরকার।