জমজমাট প্রথমার্ধে কুরাসাওয়ের ইতিহাস, তিন গোল জার্মানির

এবারই প্রথম বিশ্বকাপে খেলছে কুরাসাও। বিশ্বকাপের অভিষেক ম্যাচেই ঝলক দেখিয়েছে দ্বীপ রাষ্ট্রটি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির বিপক্ষে বিশ্বকাপের অভিষেক ম্যাচেই গোলের দেখা পেয়েছে কুরাসাও। তবুও প্রথমার্ধ শেষে ৩-১ গোলে পিছিয়ে আছে তারা।

ম্যাচের একেবারে শুরুতেই লিড নেয় জার্মানি। মাত্র ৬ মিনিটেই কুরাসাওয়ের জালে বল পাঠান জার্মান মিডফিল্ডার এনমেচা। এরপরও কুরাসাওয়ের ওপর প্রভাব বিস্তার করে খেলতে থাকে জার্মানি। 

তবে ম্যাচের ২১ মিনিটে সমতায় ফেরে কুরাসাও। বক্সের ভেতর থেকে কুরাসাও রাইটব্যাক লিভানো কোমেনেনসিয়ার বাঁ পায়ের শট ঠেকাতে পারেননি জার্মানি গোলকিপার ম্যানুয়েল নয়্যার। এতে করে নিজেদের বিশ্বকাপের প্রথম ম্যাচেই গোলের দেখা পায় কুরাসাও। 

তবে আবারও লিড নিতে বেশি দেরি করেনি জার্মানি। ম্যাচের ৩৮ মিনিটে  কর্নার থেকে সহজ হেডে গোল করেন জার্মানির ডিফেন্ডার নিকো শ্লটারবেক। এরপর প্রথমার্ধ শেষ হওয়ার ঠিক আগে মুহূর্তে পেনাল্টি পায় জার্মানি। পেনাল্টি থেকে বল জালে জড়ান জার্মান ফরোয়ার্ড কাই হাভার্টজ।