বুন্দেসলিগার পরিচিত মুখদের নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু জাপান-নেদারল্যান্ডসের

টেক্সাসে বিশ্বকাপ অভিযান শুরু করেছে জাপান ও নেদারল্যান্ডস। দুই দলের একাদশেই আছে বুন্দেসলিগায় খেলা কিংবা আগে জার্মান লিগে খেলার অভিজ্ঞতা থাকা একাধিক ফুটবলার।

হাজিমে মোরিয়াসুর জাপান দলে আছেন বুন্দেসলিগাভিত্তিক সাত ফুটবলার। তাদের মধ্যে শুরু থেকেই খেলছেন বায়ার্ন মিউনিখের হিরোকি ইতো, আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের রিৎসু দোয়ান ও মাইনৎসের কাইশু সানো।

জাপানের শুরুর একাদশে থাকা দাইচি কামাদারও বুন্দেসলিগায় খেলার অভিজ্ঞতা আছে। তিনি আগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টে খেলেছেন।

ওয়াতারু এন্দোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের পর এবং সাবেক বরুসিয়া মনশেনগ্লাডবাখ ডিফেন্ডার কো ইতাকুরা বেঞ্চে থাকায় জাপানকে নেতৃত্ব দেবেন দোয়ান।
অন্যদিকে নেদারল্যান্ডস দলে বদলি গোলরক্ষক হিসেবে আছেন বায়ার লেভারকুসেনের মার্ক ফ্লেকেন।

রোনাল্ড কোমানের দলে বুন্দেসলিগায় আগে খেলার অভিজ্ঞতা আছে আট ফুটবলারের। তাদের মধ্যে মিকি ফান ডে ফেন, রায়ান গ্রাভেনবার্খ ও ডনিয়েল মালেন জায়গা পেয়েছেন শুরুর একাদশে।
ফান ডে ফেন আগে খেলেছেন উলফসবুর্গে। গ্রাভেনবার্খের ছিল বায়ার্ন মিউনিখ অধ্যায়। আর ডনিয়েল মালেন খেলেছেন বরুসিয়া ডর্টমুন্ডে।

নেদারল্যান্ডস একাদশ: ভারব্রুগেন; ডামফ্রিস, ফান হেক, ফান ডাইক, ফান ডে ফেন; গ্রাভেনবার্খ, ডে ইয়ং, রেইনডার্স; সামারভিল, মালেন, গাকপো।

জাপান একাদশ: সুজুকি; তানিগুচি, ওয়াতানাবে, ইতো; দোয়ান, সানো, কামাদা, নাকামুরা; মায়েদা, কুবো; উয়েদা।