যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি না থাকায় ফিফার ভুলে বিপাকে উরুগুয়ে

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে অপ্রত্যাশিত জটিলতায় পড়েছে উরুগুয়ে। মেক্সিকো থেকে মায়ামির উদ্দেশে রওনা হওয়ার কথা থাকলেও ফিফার নথিপত্র সংক্রান্ত একটি ভুলের কারণে দলটির ফ্লাইট দীর্ঘ সময় বিলম্বিত হয়। মাত্র ১ ঘণ্টা ৪৫ মিনিটের আকাশপথের যাত্রা ঘিরে তৈরি হয় অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত সব বাধা কাটিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে যাত্রা করেছে উরুগুয়ে দল।

আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় ভোর ৪টায় (মায়ামি সময় সোমবার সন্ধ্যা ৬টা) গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হবে উরুগুয়ে। বিশ্বকাপের নিয়মানুযায়ী, ম্যাচের অন্তত ২৪ ঘণ্টা আগে সংশ্লিষ্ট শহরে পৌঁছানোর বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু উরুগুইয়ান সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মেক্সিকোর কানকুন থেকে তাদের যে চার্টার্ড ফ্লাইটে ওঠার কথা ছিল, সেটি যুক্তরাষ্ট্রে প্রবেশের ছাড়পত্র পায়নি। কাগজপত্র যাচাইয়ের সময় দেখা যায়, উড্ডয়নের সেই বিশেষ অনুমতিপত্রটি প্রস্তুত করতে ব্যর্থ হয়েছে ফিফা। পরে স্কোয়াডটিকে দক্ষিণ ফ্লোরিডায় নিতে দ্বিতীয় একটি বিমানের ব্যবস্থা করা হয়।

রোববার এক বিবৃতিতে উরুগুয়ে ফুটবল ফেডারেশন (এইউএফ) জানায়, ‘আমাদের নিয়ন্ত্রণের বাইরের সমস্যার কারণে মেক্সিকো থেকে রওনা হতে বিলম্ব হয়েছে। দল হোটেলে বিশ্রাম নিচ্ছে। ফিফা নতুন প্রস্থানের সময় নির্ধারণ করেছে বিকেল ৪টা ১৫ মিনিট (কানকুন সময়)।’ এই বিলম্ব ফিফার কারণেই হয়েছে কি না—‘দ্য অ্যাথলেটিক’-এর এমন প্রশ্নের জবাবে এইউএফের একজন মুখপাত্র স্পষ্ট জানিয়ে দেন, ‘হ্যাঁ, কথাটি সঠিক।’ এ বিষয়ে মন্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি ফিফা।

ফ্লাইট বিলম্বের প্রভাব পড়ে উরুগুয়ের ম্যাচ-পূর্ব কার্যক্রমেও। কোচ মার্সেলো বিয়েলসা ও ডিফেন্ডার হোসে মারিয়া হিমেনেসের নির্ধারিত সংবাদ সম্মেলন সময়মতো অনুষ্ঠিত হতে পারেনি। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে নির্ধারিত অনুষ্ঠানটি পরে পুনর্নির্ধারণ করে রাত ৮টায় নেওয়া হয়। সময়মতো আয়োজন না হলে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনকে ফিফার জরিমানার মুখে পড়তে হতে পারে। যদিও পুরো ভুলের দায় ফিফার দিকেই, তবুও শাস্তির ঝুঁকি থেকে যেতে পারে উরুগুয়ের ওপরই।

ক্ষোভ প্রকাশের অংশ হিসেবে উরুগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে সাবেক তারকা স্ট্রাইকার দিয়েগো ফোরলানের ২০১০ সালের একটি পুরোনো পোস্ট পুনরায় শেয়ার করেছে। সেখানে দেখা যায়, সেবারও বিশ্বকাপের প্রথম ম্যাচের আগের দিন দলের চার্টার্ড ফ্লাইট এক ঘণ্টা বিলম্বিত হয়েছিল।