ভুয়া চিকিৎসক সেজে রোগী দেখতেন, অবশেষে ৬ মাসের কারাদণ্ড

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় বৈধ চিকিৎসক না হয়েও নিজেকে ডাক্তার পরিচয় দিয়ে রোগী দেখার অভিযোগে ইয়াসিন আলী নামে এক ব্যক্তিকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) দুপুরে উপজেলার নলতা এলাকায় অবস্থিত নলতা মানব স্বপ্ন হেলথ কেয়ার সেন্টারে অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ইয়াসিন আলী দীর্ঘদিন ধরে কোনো বৈধ চিকিৎসা সনদ ছাড়াই নিজের নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার করে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে আসছিলেন।

অভিযোগের সত্যতা পাওয়ার পর অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযান পরিচালনা করেন কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাইনুল ইসলাম খান।

তিনি জানান, জনস্বার্থে ভুয়া চিকিৎসক ও অননুমোদিত স্বাস্থ্যসেবার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। প্রতারণামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। স্থানীয়রা স্বাস্থ্যসেবার নামে প্রতারণা রোধে প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে নিয়মিত অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।