ময়মনসিংহের গফরগাঁওয়ে আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনের হুক ভেঙে ইঞ্জিন বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এই ঘটনায় যাত্রীদের বগিতে রেখে কিছু দূর চলে যায় ইঞ্জিন। পরে বিষয়টি বুঝতে পেরে ট্রেনচালক ইঞ্জিনটি পুশব্যাক করেন। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে রেলযোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
সোমবার (১৫ জুন) বেলা ১২টা ২০মিনিটে উপজেলার পাগলা থানার শহীদনগর পশ্চিম গোলাবাড়ি বাজার এলাকায় ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সূত্রে জানা যায়, হুক ছিঁড়ে যাওয়ার পর ট্রেনের বগিগুলো লাইনের ওপর থেমে যায়। তবে ইঞ্জিনটি কিছুদূর এগিয়ে যায়। পরে চালক বিষয়টি টের পেয়ে ইঞ্জিনটি পেছনে এনে বগিগুলোর কাছে নিয়ে আসেন। ঘটনাটি জানাজানি হলে ওই রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ভুয়াপুরগামী আন্তঃনগর জামালপুর এক্সপ্রেস ট্রেনটি শহীদ নগর এলাকায় পৌঁছালে চলন্ত অবস্থা হঠাৎ ট্রেনটির ইঞ্জিন ও যাত্রীবাহী বগির সংযোগস্থল হুক ভেঙে যায়। ইঞ্জিন কিছু দূর যাওয়ার পর চালক বিষয়টি বুঝতে পেরে পুশব্যাক করে নিয়ে আসে।
ওসি আকতার হোসেন বলেন, এই ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটে দুই ট্রেন চলাচল বন্ধ ছিল। রেলওয়ের কারিগরি দল ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত হুক মেরামতের কাজ সম্পন্ন করে। পরে দুপুর আড়াইটার দিকে ট্রেনটি পুনরায় ময়মনসিংহের উদ্দেশে যাত্রা শুরু করে। একই সঙ্গে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচলও স্বাভাবিক হয়।