মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে লুট

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভাঙচুর ও লুটপাট করা হয় ১২টি বসতঘরে। 

সোমবার (১৫ জুন) সকালে সদর উপজেলার ঝিকরহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ঝিকরহাটি গ্রামের বন্দে আলী মোল্লার ছেলে নুরুজ্জামান মোল্লা (৩৫), একই গ্রামের মোতালেব ফকিরের ছেলে মাসুদ ফকির (৩৫), আব্দুল মজিদ খানের ছেলে হানিফ খান (৪৫) ও সিদ্দিক হাওলাদারের ছেলে কামরুল হাওলাদারের (২৫) নাম পাওয়া গেছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আধিপত্য বিস্তার নিয়ে সদর উপজেলার ঝিকরহাট গ্রামের পলাশ খানের সঙ্গে একই এলাকার কবির মোল্লা ও রিপন খানের বিরোধ চলছিল। এরই জের ধরে সকালে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় শতাধিক ককটেল বিস্ফোরণ করলে চারদিকে ছড়িয়ে পড়ে আতঙ্ক। আহত হয় অন্তত ১০ জন। ভাঙচুর ও লুটপাট করা হয় ১২টি বসতঘরে।

খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। একই সময় পুলিশের দুটি গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুরেরও অভিযোগ ওঠে। এ ঘটনায় এখনো কাউকেই আটক করতে পারেনি পুলিশ।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার ফারিহা রফিক ভাবনা বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে আইননি ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’