বিশ্বকাপের প্রথম ম্যাচেই ৫ গোল হজম, চাকরি হারালেন হেড কোচ

বিশ্বকাপ নিজেদের প্রথম ম্যাচে বড় ব্যবধানে হেরেছে তিউনিসিয়া। সুইডেনের কাছে ৫-১ গোলে হারে তারা। দলের এমন বাজেভাবে হারের খেসারত দিতে হলো তিউনিসিয়ার কোচ সাব্রি লামুশিকে। হারে পরদিনই কোচকে বরখাস্ত করেছে তিউনিসিয়া ফুটবল অ্যাসোসিয়েশন।

টিওয়াইসি স্পোর্টস এক প্রতিবেদনে জানিয়েছে, সুইডেনের বিপক্ষে বিশ্বকাপের গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ৫-১ গোলে হারের পর দেশটির ফুটবল ফেডারেশন ঘোষণা দিয়েছে, সাবরি লামোচি দলটির ডাগ আউটে আর থাকছেন না।  

চলমান বিশ্বকাপে কোনো দল থেকে কোচ বরখাস্ত হওয়ার প্রথম ঘটনা এটি। সুইডেনের কাছে বড় ব্যবধানে বিধ্বস্ত হওয়ার পরপরই সোমবার (১৫ জুন) জরুরি বৈঠকে বসে তিউনিসিয়ান ফুটবল ফেডারেশন। 

বিশ্বকাপে নামার ঠিক আগের প্রীতি ম্যাচে বেলজিয়ামের কাছে ৫-০ গোলে উড়ে যাওয়ার পর এবার বিশ্বমঞ্চের প্রথম ম্যাচেই ৫ গোল। সব মিলিয়ে লামুশির ওপর থেকে সম্পূর্ণ আস্থা হারিয়েছে দেশটির বোর্ড।

আফ্রিকা কাপ অব নেশনসের শেষ ১৬ থেকে বিদায় নেওয়ার পর সামি ট্রাবেলসিকে সরিয়ে লামুশিকে দায়িত্ব দিয়েছিল তিউনিসিয়া। কিন্তু তার অধীনে মাত্র ৫টি ম্যাচ খেলার সুযোগ পায় দল। হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে যাত্রা শুরু করলেও এই দলটির গ্রাফ কেবলই নিচে নেমেছে।

আগামী শনিবার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে তিউনিসিয়া। তার আগেই নতুন কোচের নাম ঘোষণা করতে চায় তারা। নতুন কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনা চলছে তিউনিসিয়ার সাবেক তারকা উইঙ্গার ওয়াহবি খাজরিকে নিয়ে।