স্পেনের ফরোয়ার্ডের সাড়ে আট বছরের কারাদণ্ড

বিশ্বকাপ ফুটবলে কেপ ভার্দের বিপক্ষে ড্র করে যখন মাঠের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে স্পেন, ঠিক তখনই দেশটির ফুটবল অঙ্গন বড় ধরনের ধাক্কা খেল এক আদালতের রায়ে। যৌন নিপীড়ন ও শারীরিক আঘাতের গুরুতর অভিযোগে সেভিয়ার ফরোয়ার্ড রাফা মিরকে সাড়ে আট বছরের কারাদণ্ড দিয়েছেন স্পেনের একটি আদালত। সোমবার ভ্যালেন্সিয়ান কমিউনিটির সুপিরিয়র কোর্ট অব জাস্টিস চাঞ্চল্যকর এই মামলার রায় ঘোষণা করে।

আদালতের নথিতে উল্লেখ করা হয়েছে, গত ৩১ আগস্ট বেতেরা এলাকায় রাফা মিরের নিজস্ব বাসভবনে এ অপরাধ সংঘটিত হয়। সেখানে এক তরুণীকে যৌন নিপীড়ন ও শারীরিকভাবে লাঞ্ছিত করার দায়ে তাকে এই সাজা দেওয়া হয়েছে। একই ঘটনায় মিরের বন্ধু পাবলো জারাকেও দোষী সাব্যস্ত করেছেন আদালত। অন্য এক তরুণীকে যৌন নিপীড়নের দায়ে জারাকে আড়াই বছরের কারাদণ্ডের পাশাপাশি অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আদালত দণ্ডপ্রাপ্তদের আর্থিক ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছেন। রায়ে বলা হয়েছে, মামলার মূল ভুক্তভোগীকে ৬৪ হাজার ইউরো এবং দ্বিতীয় অভিযোগকারীকে ৬ হাজার ২৮০ ইউরো প্রদান করতে হবে। তবে এই রায়টি এখনও চূড়ান্ত নয়। আইনি প্রক্রিয়া অনুযায়ী, দোষী সাব্যস্ত হওয়া রাফা মির ও পাবলো জারা উচ্চ আদালতে এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।

মামলার বিচারিক কার্যক্রম চলাকালে রাফা মির তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেন। তিনি আদালতে দাবি করেছিলেন যে, ওই তরুণীর সঙ্গে যা কিছু হয়েছে তা পারস্পরিক সম্মতিতেই ঘটেছে। তবে ভুক্তভোগী তরুণী জবানবন্দিতে জানান, তার ইচ্ছার বিরুদ্ধে দুবার তাকে যৌন নিপীড়ন করা হয়েছে। সে সময় তিনি প্রচণ্ড আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছিলেন এবং বারবার অনুরোধ করা সত্ত্বেও মির থামেননি বলে অভিযোগ করেন।

তদন্ত ও সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে রাষ্ট্রপক্ষ শুরুতে এই ফুটবলারের জন্য ১০ বছর ৬ মাসের কারাদণ্ড দাবি করেছিল। তবে প্রাদেশিক আদালত সব দিক বিবেচনা করে শেষ পর্যন্ত সাড়ে আট বছরের সাজার আদেশ দেন। সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের জাতীয় ফুটবল দল যখন মাঠের লড়াইয়ে ব্যস্ত, তখন একজন প্রতিষ্ঠিত ফুটবলারের এমন সাজা দেশটির ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।