বিশ্বকাপের প্রথম ম্যাচে শক্তিশালী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাসী আলজেরিয়া। দলটির প্রধান কোচ ভ্লাদিমির পেটকোভিচ মনে করেন, প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, নিজেদের সামর্থ্যের সর্বোচ্চটা দেখাতে পারলে চমক দেখানো সম্ভব।
বুধবার (১৭ জুন) সকালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ অভিযান শুরু করবে উত্তর আফ্রিকার দেশটি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে পেটকোভিচ বলেন, অতীতের অর্জন কিংবা পরিসংখ্যান নয়, তার দল এখন মনোযোগ দিচ্ছে নিজেদের প্রস্তুতি ও বর্তমান অবস্থার দিকে।
আলজেরিয়া কোচ বলেন, 'আমি সবসময় বর্তমান নিয়েই ভাবতে পছন্দ করি। গত কয়েক সপ্তাহে আমরা কঠোর পরিশ্রম করেছি এবং প্রথম ম্যাচের জন্য ভালোভাবেই প্রস্তুত। আমরা হয়তো ফেবারিট নই, কিন্তু জয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না।'
আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসিকে ঘিরে বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কি না এমন প্রশ্নের জবাবে পেটকোভিচ জানান, তিনি কখনোই কোনো একক খেলোয়াড়কে কেন্দ্র করে কৌশল সাজাতে পছন্দ করেন না।
তিনি বলেন, 'প্রতিপক্ষের প্রতি আমাদের পূর্ণ সম্মান আছে। তবে একই সঙ্গে নিজেদের সামর্থ্যের ওপরও বিশ্বাস রাখি। আমি কখনো কোনো নির্দিষ্ট খেলোয়াড়কে থামানোর জন্য আলাদা পরিকল্পনা করিনি, এবারও করব না।'
প্রথম ম্যাচের গুরুত্ব তুলে ধরে বসনিয়ান এই কোচ বলেন, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ সব সময়ই কিছুটা অনিশ্চয়তায় ভরা থাকে। তাই প্রতিপক্ষকে নিয়ে অতিরিক্ত ভাবার চেয়ে নিজেদের খেলায় মনোযোগ দেওয়াই বেশি গুরুত্বপূর্ণ। তার মতে, ভালো শুরু পুরো টুর্নামেন্টের জন্য দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিতে পারে।
বিশ্বকাপ চলাকালে কানসাস সিটির কাছাকাছি লরেন্স শহরে বেস ক্যাম্প গড়েছে আলজেরিয়া। সেখানে স্থানীয় সমর্থকদের উচ্ছ্বাস ও সমর্থনে মুগ্ধ পেটকোভিচ।
তিনি বলেন, 'এখানে আমরা দারুণ সমর্থন পাচ্ছি। শুধু আলজেরিয়ান সমর্থকরাই নয়, স্থানীয় মার্কিনরাও আমাদের উৎসাহ দিচ্ছেন। মাঠে ভালো পারফরম্যান্সের মাধ্যমে আমরা তাদের সেই ভালোবাসার প্রতিদান দিতে চাই। আশা করি ম্যাচে নিরপেক্ষ দর্শকদের সমর্থনও আমাদের দিকে থাকবে।'