চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের পুশ ইনের চেষ্টা, সহায়তার অভিযোগে আটক ৭ বাংলাদেশি

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের রোকনপুর সীমান্তে নৌকা দিয়ে এক নারীকে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) তাৎক্ষণিক তৎপরতায় এই চেষ্টা ব্যর্থ হয়েছে।

এই পুশ ইনের চেষ্টায় সহায়তার অভিযোগে সাত বাংলাদেশিকে আটক হয়েছেন। সোমবার (১৫ জুন) পৃথক সময়ে চারজনকে বিজিবি ও তিনজনকে আটক করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম ও গোমস্তাপুর থানার ওসি নূরে আলম।

আটকরা হলেন—বাবুল আক্তার (৪০), এমদাদুল হক (৩৮), রয়েল (২৮), আজম আলী (৩৫), আলম (৩৮), আসমাউল হক (৩৩) ও মেজবউল (৩৫)। তারা সবাই গোমস্তাপুর উপজেলার রাধানগর ইউনিয়নের রোকনপুর গ্রামের বাসিন্দা।

বিজিবি ১৬ ব্যাটালিয়নের অধিনায়ক বলেন, সোমবার রাত সাড়ে ১০টার দিকে রোকনপুর সীমান্তের নদীপথে এক নারীকে ঠেলে পাঠানোর (পুশ ইন) চেষ্টা করেন বিএসএফের ৮৮ ব্যাটালিয়নের আওতাধীন ওয়াদা ক্যাম্পের সদস্যরা। একপর্যায়ে বিজিবি তা প্রতিহত করে দেয়।

টাকার বিনিময়ে ওই নারীকে নৌকায় বাংলাদেশে প্রবেশে সহায়তা করেন সাত বাংলাদেশি। তারা সবাই রোকনপুর সীমান্তসংলগ্ন এলাকার বাসিন্দা। পরে তাদের মধ্যে চার বাংলাদেশিকে আটক করে বিজিবির কাছে সোপর্দ করেন স্থানীয় লোকজন। পরে বিজিবি তাদের গোমস্তাপুর থানা–পুলিশের কাছে হস্তান্তর করে।

গোমস্তাপুর থানার ওসি বিষয়টি নিশ্চিত করে জানান, মঙ্গলবার ভোরে ওই চারজনকে থানায় সোপর্দ করে বিজিবি। পরে তাদের দেওয়া তথ্যে পুলিশ আরও তিনজনকে একই অভিযোগে আটক করে। আটক সাত ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।