মমতা ব্যানার্জীর বাড়ির সামনে কুনাল ঘোষের মাথায় ছোঁড়া হলো পচা ডিম 

ভারতের তৃণমূল কংগ্রেসের বেলেঘাটার বিধায়ক তথা মুখপাত্র কুনাল ঘোষের মাথা ও পিঠ লক্ষ্য করে পচা ডিম ছোড়া হয়েছে। সোমবার (১৫ জুন) পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে বেরনোর সময় এ ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কুণাল ঘোষকে ডিম ছোড়ার ঘটনায় চন্দন ও রবি নামে দুইজনকে গ্রেপ্তার করেছে কালীঘাট পুলিশ। 

জানা যায়, সোমবার রাতে সেই ঘটনায় কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেছিলেন কুণাল।

ডিম ছোড়ার পরে সাংবাদিকদের অভিযুক্ত চন্দন জানান, কুণাল ঘোষ বহু লোককে অত্যাচার করেছিলেন, সেই কারণেই ডিম ছুড়েছিলেন তিনি।

এর আগে, গত সোমবার বিকেলে কলকাতার কালিঘাটের বাড়িতে এক জরুরি বৈঠক ডাকেন সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

কুনাল ঘোষ মমতা ব্যানার্জীর বাড়ির গেটের সামনে দাড়াতেই হরিশ চ্যাটার্জি গলির ভেতর থেকে হাতে বেশ কয়েকটি ডিম নিয়ে বেড়িয়ে আসে এক যুবক। এরপরেই কুনাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হয় ডিম। সে সময় কুনাল ঘোষ মাথা নিচু করলে ডিম তার মাথায় এবং পিঠে লাগে। সেখানে দাঁড়িয়ে থাকা গণমাধ্যম কর্মীরা ওই যুবককে আটকানোর চেষ্টা করেন।

এ বিষয়ে তৃণমূল বিধায়ক কুনাল ঘোষ বলেন, এক সময় দেড়শো পুলিশ সামলাতে পারতো না। দু’টো কুকুর-বেড়াল আমার কি করবে। আমি ওখান থেকেই আবার যাব, মারার হলে আপনাদের সামনেই মারুক, আপনারা ছবি তুলুন। বোম মারলে মারুক, পাথর মারলে মারুক আমি ওই রাস্তা দিয়েই যাব।

এদিকে এ ঘটনার পর তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তীব্র ভাষায় প্রতিবাদ করে বলেন, বিজেপির কয়েকটা গুন্ডা যারা ডিম ছুরে মেরেছে, সাংবাদিকদের সামনেই মেরেছে। এরা হচ্ছে শুভেন্দু অধিকারীর লোক। ভবানীপুর বিধানসভা শুভেন্দু অধিকারীর বিধানসভা। এই বিধানসভায় বিজেপির গুন্ডাগুলো এভাবে ডিম ছুড়ে মারছে।

পুলিশের বিরুদ্ধেও ক্ষোভ প্রকাশ করে কল্যাণ বলেন, এতগুলো পুলিশ কুকুরের মতো দাঁড়িয়ে আছে। একদিকে পুলিশ একদিকে বিজেপির গুন্ডা এই নিয়ে আমরা পড়ে আছি। পশ্চিমবঙ্গের গণতন্ত্র কোন জায়গায় ছুড়ে ফেলেছে। এসব করে ভয় দেখানো হচ্ছে সবাইকে।

উল্লেখ্য, রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের লক্ষ্য করে পচা ডিম ছোড়ার ঘটনা ঘটেই চলেছে। কিন্তু সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বাসার সামনে একজন বিধায়কের ওপর পচা ডিম ছোড়া নিয়ে প্রশ্ন উঠছে সুরক্ষা নিয়ে।