চোটের কারণে এখনো পুরোপুরি মাঠে ফিরতে পারেননি ব্রাজিলিয়ান তারকা ফুটবলার নেইমার। বিশ্বকাপে তার খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। তবে দুঃসংবাদের মাঝে এবার ভক্তদের সুখবর দিলেন নেইমার জুনিয়র। পঞ্চমবারের মতো বাবা হতে চলেছেন তিনি।
ব্রুনা বিয়ানকার্দি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সন্তানের আগমনের খবর জানিয়েছেন। এটি নেইমার ও ব্রুনা দম্পতির তৃতীয় সন্তান হতে যাচ্ছে।
বর্তমানে তাদের ঘরে রয়েছে দুই কন্যাসন্তান দুই বছর বয়সী ম্যাভি এবং ১১ মাস বয়সী মেল। এছাড়া নেইমারের আরেক কন্যাসন্তান রয়েছে, যার জন্ম আমানদা কিমবার্লির ঘরে। শিশুটি ম্যাভির চেয়ে ১১ মাসের বড়। অন্যদিকে নেইমারের সবচেয়ে বড় সন্তান ১৪ বছর বয়সী ছেলে লুকা, যার মা কার্লোস দান্তাস।
একজন জনপ্রিয় ইনফ্লুয়েন্সারের ইউটিউব চ্যানেলে উপস্থিত হয়ে সুখবরটি ভাগাভাগি করেন নেইমার ও ব্রুনা। সেখানে অনাগত সন্তানটি মেয়ে হবে বলে ইঙ্গিত দেন ব্রাজিলিয়ান তারকা।
মজার ছলে নেইমার বলেন, ‘আমি একটি ব্যান্ড দল বানাবো এবং আজকে থেকে তার নাম হবে স্পাইস গার্লস।’
এদিকে বিশ্বকাপে ব্রাজিলের প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্র করলেও মাঠে নামেননি নেইমার। হাইতির বিপক্ষে পরবর্তী ম্যাচে তিনি খেলতে পারবেন কি না, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।