কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা–ফ্রান্সের ঐতিহাসিক ফাইনাল পরিচালনা করেছিলেন পোলিশ রেফারি সাইমন মারচিনিয়াক। যিনি চরম উত্তেজনার মধ্যেও ম্যাচটি পরিচালনা করেছিলেন অসাধারণ দক্ষতায়।
সেই চেনা মুখটিই আবারও আর্জেন্টিনার সামনে। ২০২৬ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচটি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে মারচিনিয়াককে।
বর্তমান বিশ্ব ফুটবলে অন্যতম সেরা রেফারি হিসেবে বিবেচিত ৪৫ বছর বয়সী এই পোলিশ অফিসিয়াল কাতার বিশ্বকাপ ফাইনালে ভিএআরের ওপর খুব বেশি নির্ভর না করেই কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলেন।
এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল ফরাসি ফরোয়ার্ড মার্কাস থুরামের ডাইভিং ধরে ফেলা, যা টিভি রিপ্লেতে প্রথমে অনেকেই ফাউল মনে করেছিলেন। সেই ম্যাচে অতিরিক্ত সময় শেষে ৩-৩ সমতায় থাকা ম্যাচে তিনি মোট ৭টি হলুদ কার্ড দেখিয়েছিলেন।
আর্জেন্টিনার ম্যাচ পরিচালনায় মারচিনিয়াক নতুন নন। ২০১৮ বিশ্বকাপে আইসল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে তিনি দায়িত্ব পালন করেন, যেখানে আর্জেন্টিনা ১-১ গোলে ড্র করেছিল এবং লিওনেল মেসি পেনাল্টি মিস করেছিলেন। সেই ম্যাচে তিনি কোনো কার্ড দেখাননি।
এরপর ২০২২ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ষোলোর ম্যাচেও তিনি ছিলেন রেফারি, যেখানে আর্জেন্টিনা ২-১ গোলে জয় পায় এবং তিনি দুটি হলুদ কার্ড দেখান।
২০১১ সালে ফিফার আন্তর্জাতিক রেফারি হিসেবে স্বীকৃতি পাওয়ার পর থেকে মারচিনিয়াক ঘরোয়া ও আন্তর্জাতিক ফুটবলের বহু বড় ম্যাচ পরিচালনা করেছেন। ২০২৩ সালে ম্যানচেস্টার সিটি ও ইন্টার মিলানের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল তিনি সফলভাবে শেষ করেন কোনো বড় বিতর্ক ছাড়াই।