নোয়াখালীতে ডেঙ্গু জ্বরে বৃদ্ধের মৃত্যু

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আমির হোসেন (৬০) নামে এক বৃদ্ধ  মারা গেছেন। রবিবার সকালে সাড়ে ৬টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে তিনি মারা যান।  

 

আমির হোসেন লক্ষ্মীপুর  জেলার  চন্দ্রগঞ্জ থানার দত্তপাড়া এলাকায় বাসিন্দা। শনিবার দিবাগত  রাত ১টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় আমির হোসেনকে  হাসপাতালে ভর্তি করা হয়।

আরো পড়ুন : শোলাকিয়ায় ঈদের নামাজ সকাল সাড়ে ৮টায়

নোয়াখালী জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক  (আরএমও) সৈয়দ  মহিউদ্দিন  আবদুল আজিম জানান,  ওই বৃদ্ধের  পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে  জান গেছে  এক সপ্তাহ আগে তিনি ঢাকায় জ্বরে আক্রান্ত হন। তার পাতলা পায়খানা , পেট ব্যথাসহ নানা সমস্যা থাকলেও  তিনি কোনো পরীক্ষা-নিরীক্ষা করাননি। শনিবার বিকেল চারটার দিকে আমির হোসেন ঢাকা থেকে গ্রামের বাড়িতে আসেন।  বাড়িতে  আসার পর তিনি  আরো  অসুস্থ হয়ে পড়েন। পরে রাতে তাকে বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে  আসা  হয়।  সেখানে তার অবস্থার অবনতি ঘটলে  রাত একটার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে স্থানান্তর  করা হয়।  আজ সকাল সাড়ে ছয়টার দিকে মারা যান।

 

ইত্তেফাক/ইউবি