সাভারে শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ গ্রেপ্তার

ঢাকার সাভারে ১৫ বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে এক মাদ্রাসার অধ্যক্ষকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তির নাম গোলাম রব্বানী (৪০)। তিনি সাভারের তেঁতুলঝোড়া এলাকার একটি মাদ্রাসার অধ্যক্ষ।

বুধবার (১৭ জুন) সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) নূর মোহাম্মদ গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগীর পরিবারের লিখিত অভিযোগের প্রেক্ষিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযোগের গুরুত্ব বিবেচনায় তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে অভিযুক্তকে আটক করা হয়।

এদিকে, ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সাভার মডেল থানার তদন্ত কর্মকর্তা (ওসি তদন্ত) নুর মোহাম্মদ জানান, ভুক্তভোগীর অভিযোগ এবং প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্য-উপাত্তের ভিত্তিতে মামলা রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃতকে আদালতে পাঠানো হয়েছে এবং ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।