প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার

প্রবাসী বাংলাদেশিদের জন্য পাসপোর্ট ফি কমানোর একটি প্রস্তাব সরকার বিবেচনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য পাসপোর্টসেবা আরও সহজ ও সহজলভ্য করতে বিভিন্ন উদ্যোগ চলমান রয়েছে বলেও জানান তিনি।

বুধবার (১৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের নবম দিনে সরকারদলীয় সংসদ সদস্য খায়রুল কবির খোকনের (নরসিংদী-১) তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৬ সালের ৪ জুন পর্যন্ত দেশে সক্রিয় পাসপোর্টধারীর সংখ্যা ২ কোটি ৫৪ লাখ ৩৩ হাজার ৬৩ জন।

তিনি জানান, প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর বিষয়ে পাসপোর্ট অধিদপ্তরের একটি প্রস্তাব বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন রয়েছে।

সালাহউদ্দিন আহমদ বলেন, বিদেশে বসবাসরত বাংলাদেশি নাগরিকদের পাসপোর্ট আবেদন প্রক্রিয়া সহজ করতে বিভিন্ন দেশের প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে মোবাইল এনরোলমেন্ট কিটের (এমইকে) মাধ্যমে আবেদন গ্রহণের ব্যবস্থা করা হয়েছে।

এ ছাড়া বাংলাদেশ মিশনগুলোতে আউটসোর্সিং প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী কর্মীদের পাসপোর্টসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

পাসপোর্ট দ্রুত প্রবাসীদের কাছে পৌঁছে দিতে সরকার আন্তর্জাতিক কুরিয়ার প্রতিষ্ঠান ফেডএক্সের মাধ্যমে বিদেশে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও মিশনগুলোতে পাসপোর্ট পাঠাচ্ছে বলেও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।