নলকূপের পানি নেওয়ায় ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লার তিতাসে টিউবওয়েল (নলকূপের) পানি নেওয়াকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে মো. ইসমাইল মানিক (৪৫) নামে  একজন নিহত হয়েছেন।

বুধবার (১৭ জুন) বেলা আড়াইটায় উপজেলার জগতপুর ইউনিয়নের কেশবপুর গ্রামের পূর্বপাড়ার ভূঁইয়া বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ছোট ভাই রাজিব ইসলাম সাগরকে আটক করেছে পুলিশ। 

নিহতের মেয়ে রাইসা আক্তার জানায়, টিউবওয়েল পানি নেওয়ার বিষয় নিয়ে আমার বাবার সঙ্গে আমার চাচার কথা-কাটাকাটি ও ঝগড়া হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে চাচা কোদাল দিয়ে আমার বাবার গলায় আঘাত করে। তখন বাবা মাটিতে লুটিয়ে পড়ে এবং রক্ত পড়তে শুরু করে। তখন আমরা বাবাকে নিয়ে হাসপাতালে এসেছি। ডাক্তার বলেছে আমার বাবা মারা গেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, কেশবপুর গ্রামের মৃত হাবিবুর রহমান ভূঁইয়ার চার ছেলে ও চার মেয়ে রয়েছে। এদের মধ্যে মো. ইসমাইল মানিক সকলের বড় এবং অভিযুক্ত রাজিব ইসলাম সাগর সকলে ছোট। নিহতের পরিবারে স্ত্রীসহ ছোট ছোট তিনজন কন্যা সন্তান রয়েছে। যাদের একজন প্রতিবন্ধী। অপরদিকে রাজিব ইসলাম সাগর গত ৬/৭ মাস ধরে মাদক ও নারী নির্যাতন মামলায় জেল থেকে জামিনে বের হয়ে এসেছে। সে মাদকাসক্ত বলে এলাকার একাধিক ব্যক্তি অভিযোগ করেন।

তিতাস থানার ওসি মো. মমিরুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এই ঘটনায় অভিযুক্তকে আটক করা হয়েছে। প্রাথমিক তদন্তের পর আইনি ব্যবস্থা নেওয়া হবে।