নারায়ণগঞ্জকে আধুনিক, পরিবেশবান্ধব ও যুগোপযোগী মেগাসিটি হিসেবে গড়ে তুলতে একাধিক উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ ও কারিগরি সহায়তার আগ্রহ প্রকাশ করেছে আন্তর্জাতিক অবকাঠামো নির্মাণ প্রতিষ্ঠান চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কম্পানি (সিএইচইসি)। এ লক্ষ্যে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সঙ্গে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ জুন) দুপুরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় নগর উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, চিকিৎসা, শিক্ষা ও পরিবহন খাতের বিভিন্ন মেগা প্রকল্প নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভায় চায়না হারবার ইঞ্জিনিয়ারিং কম্পানির ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা ও উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান নেতৃত্ব দেন।
মতবিনিময়সভায় নাসিক প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান নগরবাসীর জীবনমান উন্নয়ন, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, আধুনিক চিকিৎসাসেবা এবং মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে তাঁর দীর্ঘমেয়াদি নগর পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।
আলোচনায় বিশেষ গুরুত্ব পায় পরিবেশবান্ধব বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ৫০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ‘ওয়েস্ট টু এনার্জি’ প্রকল্প।
এ ছাড়া এক হাজার শয্যাবিশিষ্ট অত্যাধুনিক হাসপাতাল, পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ ও নার্সিং সেন্টার স্থাপনের পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। এসব প্রকল্প বাস্তবায়িত হলে একদিকে যেমন উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত হবে, অন্যদিকে চিকিৎসা শিক্ষার নতুন সুযোগ সৃষ্টি হবে।
সভায় নগরীর দীর্ঘস্থায়ী যানজট নিরসনে এলআরটি বা মনোরেলভিত্তিক গণপরিবহন ব্যবস্থা চালু, বিশুদ্ধ পানির নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে বৃহৎ পানি সরবরাহ প্রকল্প এবং নগরীর দুই পাড়ের সংযোগ জোরদারে আধুনিক সেতু নির্মাণের বিষয়েও ফলপ্রসূ আলোচনা হয়।
এ সময় চায়না হারবারের ব্যবস্থাপনা পরিচালক ওয়াং ডা এবং উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহমুদ খান নারায়ণগঞ্জের জন্য প্রণীত জনকল্যাণমুখী ও দূরদর্শী উন্নয়ন পরিকল্পনার ভূয়সী প্রশংসা করেন।
তারা জানান, এসব বৃহৎ প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদানের পাশাপাশি সম্ভাব্য অর্থায়ন ও বড় অঙ্কের বিনিয়োগের ক্ষেত্রেও তাদের প্রতিষ্ঠান সর্বোচ্চ সহযোগিতা করতে আগ্রহী।
চায়না হারবারের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে নারায়ণগঞ্জকে একটি আধুনিক ও টেকসই নগরীতে রূপান্তরের স্বপ্ন বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে।