কূটনৈতিক সংবেদনশীলতার কারণেই ইরানের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের পূর্ণাঙ্গ অনুলিপি এখনো প্রকাশ করা হয়নি বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার মতে, চুক্তির বিষয়বস্তু প্রকাশের ক্ষেত্রে সময় ও প্রক্রিয়া দুটিই গুরুত্বপূর্ণ।
মঙ্গলবার (১৬ জুন) মার্কিন সংবাদ উপস্থাপক মেগিন কেলির পডকাস্টে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, সমঝোতার সঙ্গে জড়িত কিছু সূক্ষ্ম কূটনৈতিক বিষয় এখনও আলোচনার পর্যায়ে রয়েছে। তাই নথিটি প্রকাশের আগে সংশ্লিষ্ট পক্ষগুলো সতর্ক অবস্থান নিতে বলেছে।
তিনি জানান, শুধু ইরান নয়, আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে যুক্ত কয়েকটি দেশও ধাপে ধাপে তথ্য প্রকাশের পক্ষে মত দিয়েছে। বিশেষ করে পাকিস্তান ও কাতার এ বিষয়ে সংযত থাকার পরামর্শ দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।
তবে এই গোপনীয়তার পেছনের সব কারণ সম্পর্কে তিনি অবগত নন বলেও মন্তব্য করেন। ভ্যান্স বলেন, মধ্যপ্রাচ্য ও মুসলিম বিশ্বের কিছু সংবেদনশীল বাস্তবতা রয়েছে, যেগুলোকে গুরুত্ব দিয়ে দেখছে ওয়াশিংটন।
এদিকে, সমঝোতা স্মারকের সম্ভাব্য শর্ত ও ধারাগুলো নিয়ে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের প্রতিবেদন প্রকাশিত হলেও এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা ইরান কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে নথিটির পূর্ণাঙ্গ পাঠ প্রকাশ করেনি।
জানা গেছে, আগামী শুক্রবার (১৯ জুন) সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জানিয়েছেন, চুক্তির বিস্তারিত বিষয়বস্তু শিগগিরই জনসমক্ষে আনা হবে।
অন্যদিকে, কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, চুক্তিটি পর্যালোচনার জন্য ইসরাইলের করা অনুরোধ যুক্তরাষ্ট্র গ্রহণ করেনি। ফলে সমঝোতার চূড়ান্ত বিষয়বস্তু সম্পর্কে এখনও স্পষ্ট ধারণা নেই তেল আবিবের।
সূত্র: এবিসি নিউজ