যুদ্ধ থামানো মার্কিন-ইরান চুক্তিকে 'গেম চেঞ্জার' বললেন কানাডার প্রধানমন্ত্রী

মার্কিন-ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে হওয়া প্রাথমিক চুক্তিটিকে একটি 'গেম চেঞ্জার' উদ্যোগ বলে মনে করছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। তার মতে, এই সমঝোতা পুরো পরিস্থিতি বদলে দেবে।

বুধবার (১৭ জুন) জি-৭ সম্মেলনের সাইডলাইনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে কার্নি জানান, তিনি সমঝোতা সংক্রান্ত একটি নথি দেখেছেন এবং এর বিষয়বস্তু তাকে আশাবাদী করেছে।

তিনি বলেন, এই উদ্যোগের মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে দীর্ঘমেয়াদি সমাধানের ভিত্তি তৈরি হতে পারে এবং সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে গঠনমূলক আলোচনার পথ আরও সুগম হবে।

কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সমঝোতার আওতায় আগামী ৬০ দিনের মধ্যে পারমাণবিক ইস্যুতে বিস্তারিত আলোচনা এগিয়ে নেওয়ার পরিকল্পনা রয়েছে। যদিও চুক্তির পূর্ণাঙ্গ শর্তাবলি এখনো প্রকাশ করা হয়নি।

কার্নি আরও বলেন, হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌ চলাচল পুনঃপ্রতিষ্ঠা এবং বাণিজ্যিক কার্যক্রমে বিদ্যমান প্রতিবন্ধকতা কমানোর বিষয়টিও আলোচনার অংশ। তার মতে, বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যবস্থা সচল রাখতে এ ধরনের পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি উল্লেখ করেন, বিশ্ব অর্থনীতির জন্য জ্বালানি ও গুরুত্বপূর্ণ খনিজ সম্পদের সরবরাহ বহুমুখী হওয়া প্রয়োজন। এ ক্ষেত্রে কানাডা আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।

এছাড়া ভবিষ্যতে ইরানের ওপর আরোপিত কিছু অর্থনৈতিক বিধিনিষেধ শিথিল হলে সংশ্লিষ্ট আর্থিক প্রক্রিয়ায় কানাডা সহযোগিতা করতে আগ্রহী বলেও জানান তিনি। তবে চুক্তি প্রক্রিয়ায় মধ্যপ্রাচ্যের অন্যান্য সংশ্লিষ্ট পক্ষের ভূমিকা নিয়ে উত্থাপিত প্রশ্নের বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

সূত্র : সিবিসি নিউজ