ফুলের মতো শিশুকে যারা হত্যা করে তারা নরপিশাচ: ত্রাণমন্ত্রী

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু বলেছেন, যারা ফুলের মতো নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে হত্যা করে তারা মানুষ নয়, তারা নরপিশাচ-জানোয়ার। ইতিমধ্যে আমাদের প্রশাসন এ হত্যার সঙ্গে জড়িত দুজনকে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে আদিতমারী উপজেলার ফলিমারী গ্রামে সাত বছরের নিহত শিশু নন্দিনী রাণীর বাড়িতে তিনি এসব কথা বলেন।

শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির আশ্বাস দিয়ে তিনি বলেন, আসামিদের গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে নেওয়ার সময় প্রশাসনের গাড়ি যারা আক্রমণ করল, তাদের পরিচয় কী? তারা কি শিশু নন্দিনী হত্যার বিচার চায় না? তারা আসামিকে ছিনতাই করতে চেয়েছিল। আইনের মাধ্যমে তাদের বিচার করতে হবে।

আসাদুল হাবিব দুলু আরও বলেন, ইতিমধ্যে নন্দিনী রাণী হত্যা মামলা ছাড়াও আরও দুটি মামলা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে দোষীদের আইনের আওতায় আনা হবে। সাধারণ মানুষদের ভয়ের কোনো কারণ নেই। দোষীদের আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, বিভিন্ন ধরনের মব সৃষ্টি করে যদি আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা করা হয়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। অল্প সময়ের মধ্যে এই মামলার চার্জশিট দিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করা হবে।

ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ অধিবেশনে না গিয়ে লালমনিরহাট-১ আসনের এমপি ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ও লালমনিরহাট-২ আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুলকে সঙ্গে নিয়ে নিহত নন্দিনীর বাড়িতে সমবেদনা জানাতে এসেছি। এ সময় তিনি নিহতের পরিবারের সঙ্গে কথা বলে আর্থিক সহায়তা প্রদান করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।