ডিআর কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে বিশ্বকাপ মিশন শুরু করেছে পর্তুগাল। এই ম্যাচে একেবারে নিষ্প্রভ ছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যাচে ২৫ বার বলে স্পর্শ করলেও তিনটি শটের একটিও লক্ষ্যে রাখতে পারেননি পাঁচবারের ব্যালন ডি'অর জয়ী এই ফুটবলার।
ম্যাচ শেষে রোনালদোকে বদলি না করার কারণ ব্যাখ্যা করে পর্তুগালের কোচ রাবার্তো মার্টিনেজ বলেন, ‘যে ম্যাচে গোলের সবচেয়ে বেশি প্রয়োজন, সেখানে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ গোলদাতাকে তুলে নেওয়ার কোনো মানে হয় না।’
পর্তুগাল কোচের মতে, গোল করার পর আক্রমণাত্মক ফুটবল ধরে রাখতে পারেনি তার। বরং বলের দখল ধরে রাখার দিকে বেশি মনোযোগ দেওয়ায় কঙ্গো রক্ষণ গুছিয়ে পাল্টা আক্রমণের সুযোগ পেয়েছে।
ড্র দিয়ে বিশ্বকাপ শুরু করলেও উদ্বিগ্ন নন মার্টিনেজ। তিনি স্মরণ করিয়ে দেন, ২০২২ বিশ্বকাপে প্রথম ম্যাচে সৌদি আরবের কাছে হেরেও শেষ পর্যন্ত শিরোপা জিতেছিল আর্জেন্টিনা।