মৃত্যুশয্যায় মা, দেখতে আসার পথে প্রাণ গেল ছেলের

অসুস্থ মা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পরিবারের সদস্যদের কাছে শেষবারের মতো ছেলেকে দেখার আকুতি জানিয়েছেন তিনি। সেই কথা শুনে ঢাকা থেকে রওনা দেয় ছেলেও। তবে ভাগ্য হয়তো সঙ্গে ছিল না; বাড়ি পৌঁছানোর আগেই হঠাৎ মৃত্যু হয় ছেলের।

বৃহস্পতিবার (১৮ জুন) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার বাসস্ট্যান্ডের পাবলিক টয়লেটে এই ঘটনা ঘটে। ফরিদ খান দামুড়হুদার চারুলিয়া গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে।

হঠাৎ মৃত্যু হওয়া ওই যুবকের নাম ফরিদ উদ্দীন খান (৩৮)। এর আগে গত বুধবার নাইট কোচে ঢাকা থেকে বাড়ি দামুড়হুদায় রওনা দেন তিনি। বৃহস্পতিবার ভোরে দামুড়হুদা বাসস্ট্যান্ডে পৌঁছে টয়লেটে গিয়েই তার মৃত্যু হয় বলে জানিয়েছে পরিবার ও পুলিশ। স্ট্রোকে তার মৃত্যু হয় বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে মৃত্যুশয্যায় ছিলেন ফরিদ উদ্দীন খানে মা। ফরিদ উদ্দীন ঢাকায় কর্মরত। কয়েকদিন আগে ফরিদকে দেখার বায়না ধরেন তার মা। সেই কথা শুনে অসুস্থ মাকে দেখতে দামুড়হুদায় ছুটে আসছিলেন তিনি। বৃহস্পতিবার সকালে ঢাকা কোচ থেকে নেমে টয়লেটে যায়। সেখানেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

দামুড়হুদা মডেল থানার ওসি শেখ মো. মেজবাহ উদ্দিন জানান পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকা থেকে ফেরার পথে বাসস্ট্যান্ডে তার মৃত্যু হয়। হৃদরোগজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ তার পরিবারের কাছে হস্তাান্তর করা হয়েছে।