নিউইয়র্কের ব্যস্ততম পর্যটনকেন্দ্র টাইমস স্কয়ারে গুলির ঘটনায় ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে এ ঘটনায় মুহূর্তেই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ দৌড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটতে থাকে।
নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার কিছু পরে ব্রডওয়ের ৪৪ ও ৪৫ নম্বর স্ট্রিটের মধ্যবর্তী এলাকায় বড় একটি দলের মধ্যে বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ২৬ বছর বয়সী এক ব্যক্তি ঘাড়ে ধারালো অস্ত্রের আঘাতে আহত হন।
এর কিছুক্ষণ পর একই দলের দিকে লক্ষ্য করে ১৭ বছর বয়সী এক কিশোর গুলি ছোড়ে বলে অভিযোগ করেছে পুলিশ। পরে তাকে আটক করা হয়। তবে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ এখনো দায়ের করা হয়নি।
পুলিশ আরও জানিয়েছে, পরে ওয়েস্ট ৪৫ স্ট্রিট ও এইথ অ্যাভিনিউ এলাকায় দ্বিতীয় দফায় গুলির ঘটনা ঘটে। তবে দুই ঘটনায় কেউ গুলিবিদ্ধ হয়নি। আহত ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ঘটনার পর ৪৪ স্ট্রিট ও সেভেন্থ অ্যাভিনিউ এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তদন্তকারীদের একটি নীল রঙের হুন্ডাই গাড়ি পরীক্ষা করতে দেখা গেছে। গাড়ির মালিকের দাবি, ঘটনার সময় কোনো বস্তু এসে গাড়িটিতে আঘাত করেছিল। ওই স্থান থেকে একটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে বলে জানিয়েছে তদন্তকারীরা।
গুলির শব্দ শোনার সঙ্গে সঙ্গেই টাইমস স্কয়ারজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আশপাশের মানুষ দৌড়ে বিভিন্ন দোকান ও রেস্তোরাঁয় আশ্রয় নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, কাছের একটি রেস্তোরাঁয় হুড়োহুড়ি পড়ে যায় এবং অনেকেই মেঝেতে শুয়ে নিরাপদ থাকার চেষ্টা করেন।
এক বিক্রেতা বলেন, তিনি ক্রেতার সঙ্গে ব্যস্ত ছিলেন, এমন সময় গুলির শব্দ শুনে চারদিকে মানুষকে ছুটতে দেখেন। তার ভাষায়, এটা সবার জন্য উদ্বেগের বিষয়, কারণ এটি একটি বড় পর্যটন এলাকা।
সূত্র: সিবিএস নিউজ