১০ পিস স্বর্ণের বারসহ চোরাকারবারি আটক

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সীমান্ত এলাকা থেকে ৫০ লাখ টাকা মূল্যের ১০ পিস স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। রবিবার বিকালে ভোমরা স্থল বন্দর সংলগ্ন রাশেদা স্কুলের সামনে থেকে তাকে আটক করা হয়। 

আটক চোরাকারবারির নাম মো. মঞ্জুরুল ইসলাম (৩৫)। তিনি শ্যামনগর উপজেলার ছোটকুপট গ্রামের মৃত নওশের গাজীর ছেলে।
 
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, সোনার বার পাচার করা হচ্ছে গোপনে এমন সংবাদ পেয়ে ভোমরা বিওপির কমান্ডার সুবেদার মজিবুর রহমানে নেতৃত্বে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। এ সময় ওই ব্যক্তিকে আটক করে শরীর তল্লাশিতে কোমরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১০ পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। এ সময় সেখান থেকে ছয় লাখ টাকা মূল্যের একটি লেগুনা পিকআপও উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন এক কেজি ১৬৩ গ্রাম। যার বাজার মূল্য ৫০ লাখ ৫০ হাজার টাকা। 

আরও পড়ুন: হাসিমুখে ফাঁসির মঞ্চে উঠেছিলেন মৃত্যুঞ্জয়ি

এ ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়েছে। 

ইত্তেফাক/অনি