জার্সি পরে আর্জেন্টাইন তারকাদের অনুকরণে পরীমণি

ফুটবল বিশ্বকাপের উত্তাপে যখন মেতে উঠেছে গোটা বিশ্ব, তখন সেই উন্মাদনা ছড়িয়ে পড়েছে দেশের শোবিজ অঙ্গনেও। আর্জেন্টিনার দীর্ঘদিনের সমর্থক ঢাকাই চলচ্চিত্রের চিত্রনায়িকা পরীমণি এবার সামাজিক মাধ্যমে প্রকাশ করলেন ভিন্নধর্মী এক ভিডিও, যেখানে মেসির দলের প্রতি নিজের ভালোবাসার নতুন প্রকাশ ঘটিয়েছেন তিনি।

বিশ্বকাপের শুরু থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনাকে ঘিরে নিজের উচ্ছ্বাস ভাগাভাগি করে নিচ্ছেন পরীমণি। দলের প্রথম ম্যাচে জয়ের পর উচ্ছ্বাস প্রকাশের পাশাপাশি ছেলে পূণ্যকে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ছবি পোস্ট করেছিলেন তিনি।

সেই ছবির ক্যাপশনে পরীমণি লিখেছিলেন, ‘আমার ছোট্ট মেসি, মাশাআল্লাহ।’

এরই ধারাবাহিকতায় এবার নিজের ফেসবুক পেজে একটি বিশেষ ভিডিও প্রকাশ করেছেন এই অভিনেত্রী। ভিডিওতে আর্জেন্টিনার ঐতিহ্যবাহী আকাশী-সাদা জার্সিতে দেখা যায় তাকে। জার্সির সামনে লেখা ‘মেসি ১০’, আর পেছনে রয়েছে ‘পরী’ নামটি।

 

ভিডিওর পটভূমিতে বাজতে শোনা যায় আর্জেন্টিনা দলের ফুটবলারদের নাম নিয়ে তৈরি একটি বিশেষ ট্র্যাক। আর সেই গানের সঙ্গে তাল মিলিয়ে একে একে আর্জেন্টাইন তারকাদের পরিচিত উদযাপন ও সিগনেচার পোজ অনুকরণ করেন পরীমণি।

ভিডিওতে মাঠের বাস্তব ফুটেজের সঙ্গে পরীমণির অভিনব উপস্থাপনার মেলবন্ধন ভক্তদের দৃষ্টি কেড়েছে। প্রকাশের পর থেকেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে।

বিশ্বকাপ ঘিরে তারকাদের উচ্ছ্বাস নতুন কিছু নয়। তবে নিজের পছন্দের দলকে সমর্থনের ভিন্নধর্মী উপস্থাপনায় পরীমণির এই ভিডিও ইতোমধ্যে আর্জেন্টিনা সমর্থকদের মধ্যেও আলোচনার জন্ম দিয়েছে।