অবশেষে কানাডার ভিসা পেলেন ফিক্সিংয়ে অভিযুক্ত ওয়াহি

বিশ্বকাপ ফুটবলে ‘ই’ গ্রুপে জার্মানির বিপক্ষে ম্যাচের আগে কানাডার ভিসা পেয়েছেন আইভরি কোস্টের স্ট্রাইকার ২৩ বছর বয়সী এলিয়ে ওয়াহি। ম্যাচ পাতানোর অভিযোগ তদন্তাধীন থাকায় কানাডায় প্রবেশের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল ফরাসি বংশোদ্ভূত ওয়াহিকে। তাই দলের সঙ্গে কানাডা যেতেও পারেননি তিনি। এখন ভিসা পাওয়ায় জার্মানির বিপক্ষে ম্যাচে পাওয়া যাবে ওয়াহিকে।  

এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন (এফআইএফ)। তারা জানায়, ভিসা নিয়ে সমস্যার সমাধান হয়েছে। এখন স্বাভাবিকভাবে দলের সঙ্গে ভ্রমণ করতে পারবে ওয়াহি। 

প্রসঙ্গত, ফরাসি ক্লাব নিসের হয়ে খেলার সময় ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগে তদন্তের মুখে পড়েছিলেন ওয়াহি। বিশ্বকাপ শুরুর মাত্র দুই সপ্তাহ আগে তাকে এ জন্য আটক করে জিজ্ঞাসাবাদও করা হয়েছিল। যদিও পরে তাকে ছেড়ে দেওয়া হয় এবং এখনো তার বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক অভিযোগ আনা হয়নি।

আগামী ২১ জুন টরেন্টোতে গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে আইভরি কোস্ট। ইকুয়েডরকে ১-০ গোলে হারিয়ে এবারের বিশ্বকাপ শুরু করে আইভরি কোস্ট। ঐ ম্যাচে শুরু থেকে একাদশে ছিলেন ওয়াহি। ৫৬ মিনিটে তার বদলি নামানো হয়।