রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় জনসংহতি সমিতির (জেএসএস এমএন লারমা সংস্কার গ্রুপ) ২ নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। রবিবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা শহরের বাবু পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, জেএসএস সংস্কার সমর্থিত যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধী চাকমা (৩৮) এবং একই কমিটির বাঘাইছড়ি উপজেলা শাখার সাধারণ সম্পাদক এনো চাকমা (৩৫)।
জেএসএস এমএন লারমা সংস্কার দলের নেতা জসি চাকমা বলেন, আমাদের দুই নেতা রাতের খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন। এসময় জেএসএস সন্তু লারমা দলের সশস্ত্র ক্যাডার একদল সন্ত্রাসী অর্তকিত গুলি করলে ঘটনাস্থলে আমাদের দুই নেতা নিহত হন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার রাতে জেএসএস সংস্কার সমর্থিত যুব সমিতির নেতা শতসিদ্ধী চাকমা এবং এনো চাকমা বাবু পাড়া এলাকার রিপন চাকমার বাড়িতে অবস্থান করছিলেন। এমন সময় রাত সাড়ে ১২টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী তাদের উপর অতর্কিত হামলা চালিয়ে মৃত্যু নিশ্চত করে পালিয়ে যায়। তবে কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি।
বর্তমানে ঘটনাস্থল ঘিরে রেখেছে আইন শৃঙ্খলা বাহিনী। এলাকায় থমথমে পরিস্থতি বিরাজ করছে। বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমএ মঞ্জুরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি