ইয়াবা পাচারের সময় তাঁতীদল নেতা গ্রেপ্তার

ফেনী শহরের দাউদপুর এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫০টি ইয়াবা বড়িসহ জেলা তাঁতীদলের নেতা মো. মামুন (৬১) ও মো. আবুল হোসেন (৪৬) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) রাতে তাদের ফেনী মডেল থানায় সোপর্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ দুপুরে দুজনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

গ্রেপ্তার মোহাম্মদ মামুন জেলা তাঁতী দলের যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন। তার বাড়ি জেলার ফুলগাজী উপজেলার দরবারপুর ইউনিয়নের চকবস্তা গ্রামে। গ্রেপ্তার অপর ব্যক্তি মো. আবুল হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়নের সাতঘরিরা গ্রামের আবদুস সালামের ছেলে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল অভিযান শুরু করে। অভিযানে শহরের দাউদপুলসংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মামুনকে তল্লাশি করে তার কাছে ৪৫০টি ইয়াবা পাওয়া যায়। এ সময় তার সঙ্গে থাকা সহযোগী মো. আবুল হোসেনকেও আটক করা হয়েছে।

এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক ইশতিয়াক হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফেনী মডেল থানায় একটি মামলা করেন। পরে গতকাল রাতেই মোহাম্মদ মামুন ও আবুল হোসেনকে থানায় হস্তান্তর করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ফেনী কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, সব ধরনের মাদকদ্রব্য উদ্ধার ও মাদক কারবারিদের ধরতে ডিএনসি নিয়মিত দায়িত্ব পালন করছে। ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) সজল কান্তি দাস বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের করা মামলায় গ্রেপ্তার দুই আসামিকে আজ দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে জেলা তাঁতী দলের আহ্বায়ক ছরওয়ার জাহান বলেন, ‘মোহাম্মদ মামুনের মাদকসহ গ্রেপ্তারের বিষয়টি সঠিক হলে তাঁর বিরুদ্ধে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।’