বিয়ের প্রতিশ্রুতিতে শারীরিক সম্পর্ককে ধর্ষণ বলা যাবে না: এলাহাবাদ হাইকোর্ট

প্রাপ্তবয়স্ক দুই নারী-পুরুষের দীর্ঘদিনের সম্মতির ভিত্তিতে চলা শারীরিক সম্পর্ককে শুধুমাত্র বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করার অজুহাতে ‘ধর্ষণ’ হিসেবে গণ্য করা যাবে না। এমনই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ দিয়েছে এলাহাবাদ হাইকোর্ট।

বৃহস্পতিবার (১৮ জুন) বিচারপতি বিবেক কুমার সিংয়ের একক বেঞ্চ এই রায় দেন। আদালত স্পষ্ট জানিয়েছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সম্পর্ক স্থাপনের পর বিয়ে না হলে সব ক্ষেত্রে তা ধর্ষণের অপরাধ হিসেবে বিবেচিত হবে না। একই সঙ্গে অভিযুক্ত সঞ্জয় সরোজ ওরফে সঞ্জয় কুমারের আবেদন মঞ্জুর করে ট্রায়াল কোর্টে চলমান মামলার সব কার্যক্রম খারিজ করে দিয়েছে আদালত।

৩৪ পৃষ্ঠার রায়ে হাইকোর্ট বলেছে, অভিযোগকারী নারী যদি সজ্ঞানে ও সম্পূর্ণ সম্মতি নিয়ে শারীরিক সম্পর্কে জড়িয়ে থাকেন, তাহলে শুধু বিয়ে না হওয়ার কারণে অভিযুক্তকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত করা যায় না। আদালতের মতে, এই মামলাটি মূলত বিবাদ ও ক্ষোভ থেকে দায়ের করা হয়েছে। বিশেষ করে, এফআইআর দায়েরের পর অভিযোগকারী নিজেই অভিযুক্তকে বিয়ে করেছেন। আদালত একে বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার এবং বিরল ঘটনা বলে উল্লেখ করেছে।

২০১৯ সালে প্রয়াগরাজের কর্নেলগঞ্জ থানায় মামলা হয়। অভিযোগকারী নারী ২০১৪ সালে প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতির জন্য প্রয়াগরাজে আসেন এবং অভিযুক্তের সঙ্গে সম্পর্কে জড়ান। তিনি অভিযোগ করেন, বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে অভিযুক্ত তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে এবং পরে বিয়ে করতে অস্বীকার করায় শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। তবে তদন্তে আঘাতের কোনো চিকিৎসকি প্রমাণ পাওয়া যায়নি।

আদালত প্রমোদ সূর্যভান পাওয়ার ও দীপক গুলাটিসহ সুপ্রিম কোর্টের বিভিন্ন নজির উল্লেখ করে বলেছে, বিয়ের প্রতিশ্রুতি যদি শুরু থেকেই মিথ্যা হয় এবং প্রতারণার উদ্দেশ্য প্রমাণিত হয়, তবেই তা ধর্ষণ হিসেবে গণ্য হতে পারে। পাঁচ বছরের দীর্ঘ সম্পর্কে প্রতিবার শারীরিক সম্পর্কের পেছনে শুধু বিয়ের প্রতিশ্রুতি ছিল এমন দাবি মেনে নেওয়া যায় না বলেও পর্যবেক্ষণ দিয়েছে আদালত।

শেষ পর্যন্ত রাজ্য বনাম ভজন লাল মামলার নির্দেশিকা অনুসরণ করে হাইকোর্ট এই মামলার কার্যক্রমকে অযৌক্তিক ও বিচারিক প্রক্রিয়ার অপব্যবহার বলে বাতিল করে দেয়।

সূত্র: এনডিটিভি