গত তিন মাসে দেশে যে উন্নয়ন কাজ হয়েছে আওয়ামী লীগের আমলে ১৫ বছরেও তা হয়নি বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (২০ জুন) মুন্সীগঞ্জের গজারিয়ায় একাধিক উন্নয়ন কাজের উদ্ধোধন ও পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমাদের কাজ শুরু হয়ে গিয়েছে, আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও ব্রিজ আছে ইনশাআল্লাহ আমরা পাঁচ বছরের মধ্যে সব কমপ্লিট করে দেব। তিন মাসে যা কাজ হয়েছে আওয়ামী লীগের আমলে ১৫ বছরেও তা হয়নি।
তিনি গজারিয়াবাসীর বহুল প্রত্যাশিত ফুলদী ব্রিজ নির্মাণ নিয়ে আরও বলেন, এই বছরের মধ্যেই ফুলদী ব্রিজের নির্মাণ কাজ শুরু হবে।
মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রথমে তিনি ভবেরচর বাজারস্থ ২ কোটি ৩৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুই তলা বিশিষ্ট গ্রামীণ বাজারের ভবন উদ্ধোধন করেন। পরবর্তীতে কালীগাছ তলায় ব্র্যাক অফিস-ইমামপুরের দুই কিলোমিটার রাস্তার পুনর্বাসন ও প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করে, রসূলপুর খেয়াঘাট এলাকায় ফুলদী ব্রিজ নির্মাণে সম্ভাব্য স্থানও পরিদর্শন করেন।