লিবিয়ার পূর্বাঞ্চলীয় ভূমধ্যসাগরীয় উপকূলে গত এক সপ্তাহে নারীসহ অন্তত ১৫ জন অভিবাসীর মরদেহ ভেসে উঠেছে। ধারণা করা হচ্ছে, নৌকা উল্টে গিয়ে সাগরে ডুবে তাদের মৃত্যু হয়েছে।
শনিবার (২০ জুন) নিরাপত্তা বাহিনী, নৌবাহিনী এবং চিকিৎসক সূত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। নৌবাহিনীর একটি সূত্র জানিয়েছে, উপকূল থেকে অন্তত ১০ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তারা বলছেন, নৌকাটিতে প্রায় ৬১ জন আরোহী ছিলেন।
সূত্রগুলো জানায়, মিশর সীমান্তের কাছে তোব্রুক শহরের বিভিন্ন উপকূলীয় এলাকা থেকে মরদেহগুলো উদ্ধার হয়েছে। দুজন নিরাপত্তা কর্মকর্তা বলেছেন, উদ্ধার করা মরদেহগুলোতে পচন ধরতে শুরু করেছে। এলাকায় আরও মরদেহ পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে সতর্ক করা হয়েছে।
তোব্রুক রেড ক্রিসেন্টের ফেসবুক পেজে প্রকাশিত ছবিতে দেখা গেছে, সাদা প্রতিরক্ষামূলক পোশাক পরা স্বেচ্ছাসেবকরা পাথুরে উপকূল থেকে মরদেহগুলো সাদা প্লাস্টিকের ব্যাগে ভরছেন।
২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই লিবিয়া উপকূল হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার অন্যতম প্রধান রুটে পরিণত হয়েছে। সংঘাত, দারিদ্র্য ও কর্মসংস্থানের আশায় হাজারো অভিবাসী মরুভূমি ও সাগরের ঝুঁকিপূর্ণ পথ বেছে নেন। তেলসমৃদ্ধ লিবিয়ার অর্থনীতিও অনেক দরিদ্র অভিবাসীকে আকৃষ্ট করে।
এদিকে আলাদা একটি ঘটনায় রাজধানী ত্রিপোলির ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে, উপকূলে নৌকাডুবির পর ১৩ জন অভিবাসীকে উদ্ধার করে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।