ব্রায়ান ব্রবির জোড়া গোলে সুইডেনের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে নেদারল্যান্ডস। যদিও প্রথমার্ধের শেষদিকে কয়েকটি সুযোগ তৈরি করেছিল সুইডেন। তবে গোলের দেখা না পাওয়ায় পিছিয়ে থেকেই বিরতিতে যেতে হয়েছে তাদের।
শনিবার (২০ জুন) হিউস্টনে ‘এফ’ গ্রুপের ম্যাচটির শুরু থেকেই উচ্চ প্রেসিং ও দ্রুতগতির আক্রমণে সুইডেনকে চাপে রাখে নেদারল্যান্ডস। এর ফলও আসে দ্রুত। ম্যাচের ৬ মিনিটে তিজানি রেইন্ডার্সের তৈরি করা আক্রমণ থেকে কোডি গাকপোর পাস পেয়ে কাছ থেকে জালে বল পাঠান ব্রায়ান ব্রবি।
গোলের পরও আক্রমণের ধার কমায়নি ডাচরা। ডেনজেল ডামফ্রিস ও ডনিয়েল মালেন ডান প্রান্তে বারবার সুইডিশ রক্ষণে ভীতি ছড়ান। ১৭ মিনিটে তাদের সমন্বয় থেকেই আসে দ্বিতীয় গোল। ডামফ্রিস ও মালেনের তৈরি সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোল করেন ব্রবি, আর নেদারল্যান্ডস এগিয়ে যায় ২-০ ব্যবধানে।
প্রথমার্ধের শেষ দিকে কয়েকটি সুযোগ তৈরি করে সুইডেন। ৪৫ মিনিটে বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। যোগ করা সময়ে গিওকেরেসের শক্তিশালী ফ্রি-কিক এবং ইয়াসিন আয়ারির নিচু শটও ঠেকিয়ে দেন ডাচ গোলরক্ষক।