সামনে বিশ্বকাপের আরও তিন রেকর্ড করতে পারেন মেসি

বিশ্বকাপের প্রথম ম্যাচেই হ্যাটট্রিক করে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে ৩-০ গোলের জয়ে তিনটি গোলই করেন তিনি। এই হ্যাটট্রিকের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড স্পর্শ করার পাশাপাশি আরও তিনটি অনন্য কীর্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন আর্জেন্টাইন মহাতারকা।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচের পর বিশ্বকাপে মেসির মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৬-তে। এর মধ্য দিয়ে জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার সর্বোচ্চ গোলের রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি।

গ্রুপ পর্বে অস্ট্রিয়ার বিপক্ষে পরবর্তী ম্যাচে একটি গোল করতে পারলেই ১৭ গোল নিয়ে এককভাবে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন মেসি।

শুধু গোলের রেকর্ড নয়, বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের রেকর্ডও এখন হাতছানি দিচ্ছে তার সামনে। আলজেরিয়ার বিপক্ষে জয়টি ছিল বিশ্বকাপে মেসির ১৬তম জয়, যা ক্লোসার গড়া রেকর্ডের সমান।

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনা জয় পেলে এবং মেসি মাঠে থাকলে বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি জয় পাওয়া ফুটবলারের রেকর্ডও এককভাবে নিজের করে নেবেন তিনি।

এদিকে দূরপাল্লার গোলের রেকর্ডেও নতুন ইতিহাস গড়ার অপেক্ষায় আছেন মেসি। আলজেরিয়ার বিপক্ষে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের শটে করা তার প্রথম গোলটি ছিল বিশ্বকাপে পঞ্চম দূরপাল্লার গোল।

এর ফলে ব্রাজিলের কিংবদন্তি রবার্তো রিভেলিনোর রেকর্ডে ভাগ বসিয়েছেন তিনি। ১৯৭০ ও ১৯৭৪ বিশ্বকাপে চেকোস্লোভাকিয়া, পেরু, উরুগুয়ে, জায়ারে এবং পূর্ব জার্মানির বিপক্ষে পাঁচটি দূরপাল্লার গোল করেছিলেন রিভেলিনো।

মেসির পাঁচটি দূরপাল্লার গোল এসেছে তিনটি ভিন্ন বিশ্বকাপে। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে বসনিয়া, ইরান ও নাইজেরিয়ার বিপক্ষে, ২০২২ কাতার বিশ্বকাপে মেক্সিকো ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এবং ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে গোল করে তিনি রিভেলিনোর পাশে নাম লিখিয়েছেন।

এখন অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচেই একসঙ্গে তিনটি রেকর্ড নিজের করে নেওয়ার সুযোগ পাচ্ছেন আর্জেন্টিনা অধিনায়ক।