সনদ বিতর্কের মধ্যেই ৫০ কোটি পার

বলিউডের জনপ্রিয় তারকা শহীদ কাপুর, রাশমিকা মান্দানা ও কৃতি শ্যানন অভিনীত বহুল আলোচিত সিনেমা ‘ককটেল ২’ মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত শুক্রবার মুক্তির পর মাত্র দুই দিনের মধ্যেই ছবিটি বিশ্বব্যাপী ৫০ কোটি রুপির মাইলফলক ছুঁয়েছে।

পরিচালক হোমি আদাজানিয়ার এই ছবি ২০১২ সালের জনপ্রিয় চলচ্চিত্র ‘ককটেল’–এর দ্বিতীয় কিস্তি। নতুন প্রজন্মের প্রেম, বন্ধুত্ব ও সম্পর্কের জটিলতাকে কেন্দ্র করে নির্মিত ছবিটি মুক্তির প্রথম দিন থেকেই দর্শকদের আগ্রহ কাড়ে।

বক্স অফিস বিশ্লেষকদের তথ্য অনুযায়ী, ছবিটি ভারতে প্রথম দিনে প্রায় ১৩ দশমিক ৫ কোটি রুপি নেট আয় করে। দ্বিতীয় দিনে আয় আরও বেড়ে ১৪ কোটির বেশি ছুঁয়েছে। ফলে দুই দিনের ভারতীয় সংগ্রহ ২৭ থেকে ২৯ কোটি রুপির ঘরে পৌঁছেছে। একই সময়ে বিদেশের বাজার থেকেও উল্লেখযোগ্য আয় এসেছে, যার ফলে বিশ্বব্যাপী মোট আয় ৫০ কোটি রুপি অতিক্রম করেছে।

কিন্তু ছবিটি নিয়ে নতুন বিতর্ক তৈরি হয়েছে এর সেন্সর সার্টিফিকেশন ঘিরে। ভারতের কেন্দ্রীয় চলচ্চিত্র প্রত্যয়ন বোর্ড (সিবিএফসি) ছবিটিকে ‘এ’ বা প্রাপ্তবয়স্কদের জন্য উপযোগী হিসেবে ছাড়পত্র দিয়েছে। তবে এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন ছবির প্রধান অভিনেতা শহীদ কাপুর।

সমালোচকদের প্রতিক্রিয়া মিশ্র হলেও দর্শকদের মুখে মুখে প্রচার (ওয়ার্ড অব মাউথ) ছবিটির পক্ষে কাজ করছে বলে মনে করছেন বক্স অফিস বিশেষজ্ঞরা। বিশেষ করে তরুণ দর্শকদের মধ্যে শহীদ, রাশমিকা ও কৃতির ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে আগ্রহ দেখা যাচ্ছে।

সিবিএফসি ছবিটিকে ‘এ’ (কেবল প্রাপ্তবয়স্কদের জন্য) সার্টিফিকেট দিয়েছে। অর্থাৎ ১৮ বছরের কম বয়সীরা ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে পারবে না। ‘ককটেল ২’ কৃতি শ্যাননের ক্যারিয়ারের প্রথম ‘এ’ সার্টিফিকেট পাওয়া সিনেমা। এটি রাশমিকা মান্দানার দ্বিতীয় ‘এ’ সার্টিফিকেট পাওয়া হিন্দি ছবি। এর আগে ২০২৩ সালে মুক্তি পাওয়া রণবীর কাপুর অভিনীত ‘অ্যানিমেল’ ছবিটিও প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত ছিল।

অন্যদিকে ছবির নায়ক শহীদ কাপুরের ক্যারিয়ারে এটি পঞ্চম ‘এ’ সার্টিফিকেট পাওয়া ছবি। এর আগে তিনি অভিনয় করেছেন ‘কামিনে’ (২০০৯), ‘উড়তা পাঞ্জাব’ (২০১৬), ‘কবির সিং’ (২০১৯), ‘ও’রোমিও’ (২০২৬) ছবিতে। মজার বিষয় হলো, ‘ও’রোমিও’ ছিল শহীদের সর্বশেষ মুক্তি পাওয়া ছবি। ফলে এই প্রথম তাঁর ক্যারিয়ারে টানা দুটি ছবি ‘এ’ সার্টিফিকেট পেল। তবে বিষয়টি নিয়ে নাখোশ অভিনেতা।

ছবির প্রচারণার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের সঙ্গে আলাপচারিতায় শহীদ বলেন, ছবিতে এমন কোনো বিষয় নেই, যা দর্শকদের আপত্তির কারণ হতে পারে।

শহীদের ভাষায়, ‘এই ছবিতে এমন কিছুই নেই, যা নিয়ে কারও আপত্তি থাকতে পারে। আমরা “এ” সার্টিফিকেট পেয়েছি, কিন্তু কেন পেয়েছি, সেটা আমি এখনো বুঝতে পারিনি। এটা তিনজন মানুষের গল্প। পরিবারের সবাইকে নিয়ে দেখার মতো একটি ছবি।’

শহীদের মতে, ছবিটি মূলত সম্পর্ক, ভালোবাসা ও আবেগের গল্প। তাই প্রাপ্তবয়স্কদের জন্য সীমাবদ্ধ করার মতো কোনো উপাদান এতে নেই।

‘ককটেল ২’-এ শহীদ কাপুর অভিনয় করেছেন কুনাল চরিত্রে। রাশমিকা মান্দানা হয়েছেন দিয়া এবং কৃতি শ্যানন অভিনয় করেছেন অ্যালি চরিত্রে। দীর্ঘদিনের একটি সম্পর্কের মধ্যে তৃতীয় একজনের আগমন কীভাবে আবেগের ভারসাম্য নষ্ট করে দেয়, সে গল্পই তুলে ধরা হয়েছে ছবিতে।

২০১২ সালের জনপ্রিয় ছবি ‘ককটেল’-এর আধ্যাত্মিক সিক্যুয়েল হিসেবে নির্মিত এই চলচ্চিত্র পরিচালনা করেছেন হোমি আদাজানিয়া। ছবির চিত্রনাট্য লিখেছেন লাভ রঞ্জন ও তরুণ জৈন।