আমাদের নেতাকর্মীদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে তা মেনে নেওয়া হবে না বলে বিরোধী দলকে উদ্দেশ করে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মোছা. ফরিদা ইয়াসমিন। তিনি বলেন, আমরা কি কখনো বিরোধী দলে ছিলাম না? আমরা রাজনীতি করার সুযোগ পাইনি। আর এখন আপনারা শান্তিতে পরিবার নিয়ে জীবনযাপন করছেন। এরপরও আবার কীসের দাবি তুলছেন? একদম সরল পথে চলুন, ভালো থাকুন- কোনো সমস্যা নেই। কিন্তু আমাদের নেতাকর্মীদের দিকে কেউ বাঁকা চোখে তাকালে তা সহ্য করা হবে না।
শনিবার (২০ জুন) সন্ধ্যায় কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ডাকবাংলোয় উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
ফরিদা ইয়াসমিন বলেন, আমার নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে বঞ্চিত ও নির্যাতনের শিকার হয়েছে। এসব কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা করে তিনি বলেন, কাউকে হয়রানি বা নির্যাতনের হুমকি দেওয়া হলে তা সহ্য করা হবে না। কুমারখালী-খোকসায় দায়িত্ব পালন করতে হলে সবাইকে জনগণের সঙ্গে কাজ করতে হবে, বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সমন্বয় রাখতে হবে—এর কোনো বিকল্প নেই।
তিনি বলেন, প্রশাসন যেন কোনো পক্ষ নিয়ে কাজ না করে, বরং জনগণের স্বার্থে দায়িত্ব পালন করে। যদি কোনো প্রশাসনিক কর্মকর্তা পক্ষপাতমূলক আচরণ করে বা ষড়যন্ত্রমূলকভাবে কাজ করে, তবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সভায় তিনি আরও বলেন, গত ২০ বছর ধরে তাদের নেতাকর্মীরা বঞ্চিত ও নির্যাতিত হয়েছে। এখন আর সেই পরিস্থিতির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। আওয়ামী লীগের বিষয়ে ইঙ্গিত করে তিনি বলেন, কোনো নিষিদ্ধ বা বিতর্কিত রাজনৈতিক শক্তিকে প্রশ্রয় দেওয়া যাবে না।
মতবিনিময় সভায় উপজেলা বিএনপির সাবেক সদস্যসচিব অ্যাডভোকেট শাতিল মাহমুদের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।