স্পেনকে ‘আর্জেন্টিনা-স্মৃতি’ মনে করিয়ে দিলেন সৌদি কোচ

বিশ্বকাপে আটলান্টায় স্পেনের মুখোমুখি হওয়ার আগে প্রতিপক্ষকে সতর্কবার্তা দিলেন সৌদি আরবের প্রধান কোচ গিওরগিওস দোনিস। সংবাদ সম্মেলনে তিনি ২০২২ কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের ঐতিহাসিক জয়ের কথা স্মরণ করিয়ে দিয়ে স্পেনের প্রতি অতিরিক্ত সম্মান না দেখানোর ইঙ্গিত দিয়েছেন।

গ্রিক কোচ দোনিস বলেন, “ফুটবলে অলৌকিক ঘটনা দেখা ভালো। বিশ্বকাপে আমরা দেখেছি কীভাবে ফেবারিট দলগুলো আন্ডারডগদের কাছে হেরে যায়। আমাদের জাতীয় দলের জন্য আর্জেন্টিনার বিপক্ষে সেই ম্যাচটি একটি দারুণ স্মৃতি। আমরা বিশ্বের অন্যতম সেরা দলের (স্পেন) মুখোমুখি হতে যাচ্ছি এবং তাদের সম্মান করা উচিত, তবে প্রয়োজনের চেয়ে বেশি নয়।”

২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরবের দায়িত্ব নেওয়ার পর এটি দোনিসের জন্য একটি বড় পরীক্ষা। রবার্তো মানচিনি ও হার্ভে রেনারের পরবর্তী কোচ হিসেবে তিনি আশা করছেন, কাতারের সেই সোনালি স্মৃতি আজ স্পেনের বিপক্ষে দলকে উজ্জীবিত রাখবে।

স্পেনের বিস্ময় বালক লামিনে ইয়ামালের ভূয়সী প্রশংসা করে সৌদি কোচ বলেন, “ইয়ামাল বেঞ্চে থাকলে স্পেন আগের মতো থাকে না। এই মুহূর্তে ইয়ামাল বিশ্বের সবচেয়ে বড় প্রতিভা। বার্সেলোনায় সে যেভাবে মেসির জায়গা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে, তা অভাবনীয়।”

উল্লেখ্য, নিজেদের প্রথম ম্যাচে কেপ ভার্দের সঙ্গে গোলশূন্য ড্র করে চাপে থাকা স্পেন আজকের ম্যাচে ঘুরে দাঁড়াতে মরিয়া। অন্যদিকে, উরুগুয়ের সঙ্গে ড্র করে সৌদি আরবও আত্মবিশ্বাসী। এখন দেখার বিষয়, ১৮ বছর বয়সী ইয়ামালের দক্ষতা সামলে সৌদি আরব আবারও কোনো ফুটবল রূপকথা লিখতে পারে কি না।