নড়াইলে ব্রাজিল সমর্থককে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট, বন্ধুকে আইনি নোটিশ

নড়াইলে এক বন্ধুকে এআই ব্যবহার করে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ফেসবুকে পোস্ট করার জেরে এক আর্জেন্টিনা সমর্থককে লিগ্যাল বা আইনি নোটিশ পাঠিয়েছেন এক ব্রাজিল সমর্থক। রোববার (২১ জুন) বিকেলে নড়াইল জজকোর্টের আইনজীবী ফেরদৌস ইসলাম তনুর মাধ্যমে এই নোটিশটি পাঠানো হয়।

নোটিশটি পাঠিয়েছেন নড়াইল পৌরসভার দুর্গাপুর এলাকার জালাল উদ্দিনের ছেলে শাহাদাত জালাল পিয়াস (ব্রাজিল সমর্থক)। আর নোটিশটি পেয়েছেন নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নের আদমপুর গ্রামের সিদ্দিক ফারাজীর ছেলে সোহাগ ফারাজী (আর্জেন্টিনা সমর্থক)।

অভিযোগে বলা হয়েছে, এআই প্রযুক্তি ব্যবহার করে ছবি সম্পাদনার মাধ্যমে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও আপত্তিকর কনটেন্ট প্রকাশ করা হয়েছে। এ ঘটনায় আইনি পদক্ষেপের অংশ হিসেবে নোটিশটি পাঠানো হয়েছে।

এই ঘটনার জেরে আগামী ৭২ ঘণ্টা বা ৩ দিনের মধ্যে ফেসবুক থেকে ছবিগুলো মুছে ফেলতে এবং ওই বন্ধুর কাছে ক্ষমা চাইতে বলা হয়েছে। নির্দেশ অমান্য করলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে অভিযুক্ত আর্জেন্টিনা সমর্থক সোহাগ ফারাজী জানান, রবিবার সন্ধ্যায় তিনি চিঠিটি হাতে পেয়েছেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যেই এর জবাব দেবেন।

নিজের পক্ষে যুক্তি দিয়ে তিনি দাবি করেন, ‘মির্জা গালিব সতেজসহ তার বন্ধুরা আগে ব্রাজিলের সমর্থক থাকলেও বর্তমানে তারা আর্জেন্টিনার সমর্থক হয়েছেন। আমি বিভিন্ন মাধ্যম থেকে মির্জা গালিবসহ তার ৯ বন্ধুর আর্জেন্টিনার জার্সি পরা ছবি পেয়েছি। সেগুলোই গত ১৮ জুন আমার ফেসবুকে পোস্ট করেছি।’